Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিল ওপেন করলে বসতে হবে সঞ্জুকে

এশিয়া কাপ স্কোয়াডে শ্রেয়স আয়ারের জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। শুভমান গিলকে ফেরাতে স্ট্যান্ড-বাই করা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। স্কোয়াডে থাকলেও অনিশ্চয়তায় ভুগছেন সঞ্জু স্যামসন।

গিল ওপেন করলে বসতে হবে সঞ্জুকে
  • ২১ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপ স্কোয়াডে শ্রেয়স আয়ারের জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। শুভমান গিলকে ফেরাতে স্ট্যান্ড-বাই করা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। স্কোয়াডে থাকলেও অনিশ্চয়তায় ভুগছেন সঞ্জু স্যামসন। কারণ, গিল ওপেনার হিসেবে খেললে কোপ পড়তে পারে তাঁর উপর। অথচ দেশের জার্সিতে প্রায় এক বছর টি-২০ খেলেননি গিল। তাঁর অবর্তমানে অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের সূচনা করেছেন সঞ্জু। উপহার দিয়েছেন বেশ কিছু বড় রানের ইনিংস। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁর। তাছাড়া গিলকে তিন ফরম্যাটেই ক্যাপ্টেন করার পরিকল্পনা নিয়েছেন কোচ গম্ভীর। মঙ্গলবার দল নির্বাচনী বৈঠকে প্রথমে গিলকে সহ-অধিনায়ক করার ব্যাপারে নির্বাচক প্রধানের কোনও পরিকল্পনা ছিল না। কোচ গম্ভীরের প্রস্তাবেই নাকি তাতে শিলমোহর পড়ে। 

Advertisement

আসলে ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে গিল সফল। তাই এবার  সীমিত ওভারের ক্রিকেটেও তাঁর আধিপত্য বাড়াতে চায় টিম ম্যানেজমেন্ট। তাতে সায় রয়েছে বিসিসিআইয়ের। আগামী বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। এশিয়া কাপ হতে চলেছে তারই মহড়া। ১৪ সেপ্টেম্বর ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে গিল ওপেন করতে পারেন। সেক্ষেত্রে সঞ্জুকে ঠেলে দেওয়া হতে পারে মিডল অর্ডারে। কারণ, তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটিং অর্ডার পরিবর্তনের সম্ভাবনা কম। তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘শুভমান গিল আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে। ইংল্যান্ড সফরেও সিরিজের সেরা হয়েছে। ওর এশিয়া কাপ দলে থাকাটা স্বাভাবিক। তবে খারাপ লাগছে যশস্বী ও শ্রেয়সের জন্য। নির্বাচকদের কাজটা সহজ ছিল না। সবাইকে দলে জায়গা দেওয়া সম্ভব নয়। তবে গিল যখন আছে, তখন ও খেলবে। ওপেন করবে অভিষেকের সঙ্গে। তাই সঞ্জুর বাদ পড়ার সম্ভাবনাই বেশি।’
একই সুর শোনা গিয়েছে আকাশ চোপড়ার কণ্ঠেও, ‘এশিয়া কাপের দল নির্বাচনে একটা বার্তা স্পষ্ট যে, আগামী দিনে তিন ফরম্যাটেই গিল নেতৃত্ব দেবে। তবে টি-২০’তে গিল ওপেন করলে কোপ পড়বে সঞ্জুর উপর। কারণ, টিম ম্যানেজমেন্ট জিতেশ শর্মাকে উইকেটরক্ষক হিসেবে খেলাতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ