নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়ক যদি তাঁদের অবসরের নির্ধারিত বয়সের আগে মারা যান, তাহলে তাঁর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ‘ডেথ বেনিফিট’ হিসাবে দেওয়া হবে। এতদিন এরকম কিছু চালু ছিল না। চলতি অর্থবর্ষ অর্থাৎ গত ১ এপ্রিল থেকেই এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে। বুধবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। সরকারের এই নয়া উদ্যোগে অনেকে উপকৃত হবেন। বিজেপি সরকারের বাজেটেও একথা ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে।
বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের অবসরের বয়স ৬৫ বছর। এতদিন কোনো দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়কের মৃত্যু হলে তাঁদের পরিবার অথৈ জল পড়ত। কারণ, সরকার থেকে আলাদা করে মিলত না কোনো আর্থিক সুবিধা। ফলে এই আর্থিক সহায়তা অনেক পরিবারের কাজে আসবে বলে মত দপ্তরের। নির্দেশিকায় বলা হয়েছে, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়কের পরিবারের একজন সদস্যের নাম ও তাঁর সঙ্গে মৃতের কী সম্পর্ক উল্লেখ করে যাবতীয় কাগজপত্র নিয়ে দপ্তরে পাঠানোর দায়িত্ব পালন করবেন জেলার অতিরিক্ত জেলাশাসক, যিনি আইএসডিএস দেখেন। সেখান থেকে হবে পরবর্তী কাজ।



