Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইএসজেডের গেরো, শিলিগুড়িতে থমকে ২০ হাজার কোটির প্রকল্প

ইএসজেডের গেরো, শিলিগুড়িতে থমকে ২০ হাজার কোটির প্রকল্প
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ চার বছরের জট! ইকো সেন্সেটিভ জোনের (ইএসজেড) গেরোয় শিলিগুড়িতে ঝুলছে প্রায় ২০ হাজার কোটি টাকার প্রকল্প! ইএসজেড নিয়ে আলোচনা শুরু হতেই একথা জানায় বিভিন্ন নির্মাণ সংস্থা। এদিকে, এবার সেই জট কাটবে বলেই দাবি পুরসভার। তাদের বক্তব্য, নিয়ম মেনেই মহানন্দা অভয়ারণ্যর সীমানা ধরে ইএসজেডের এলাকা চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই ইএসজেডের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এবার উন্নয়নের গতি আসবে। 
Advertisement
উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের মধ্যে অন্যতম মহানন্দা অভয়ারণ্য। দার্জিলিং জেলায় প্রায় ১৫৮ বর্গ কিমি এলাকা নিয়ে এই জঙ্গল। শাল, সেগুন, জারুল সহ বিভিন্ন ধরনের গাছ। এটি তিস্তা ও মহানন্দা নদীর মাঝে অবস্থিত। এর ৬০ ভাগ অংশ পার্বত্যভূমি এবং বাকি অংশ সমতল ভাগে। যা শিলিগুড়ি শহর সংলগ্ন। চার বছর আগে এই অভয়ারণ্যের সীমানা থেকে পাঁচ কিমি এলাকা ইকো সেন্সেটিভ জোন বা সংবেদনশীল অঞ্চল চিহ্নিত করা হয়েছে। বনদপ্তর সূত্রের খবর, আইন অনুসারে ইএসজেডে নতুন করে নির্মাণকাজ, নদী থেকে বালি ও পাথর তোলা সহ কোনও কারখানা করা যাবে না। 
এদিকে, রাজ্যের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর শিলিগুড়িতে জনসংখ্যা ক্রম বর্ধমান। পুরসভার এলাকা বাড়ানোরও দাবি বহুদিনের। একদিকে সুকনা, আরএক দিকে বেঙ্গল সাফারির কাছ থেকে মহানন্দা অভয়ারণ্য শুরু। সংশ্লিষ্ট দু’টি এলাকাই শহর সংলগ্ন। যার জেরে শিলিগুড়ি শহর ও গ্রামের বিশাল অংশ ইএসজেডের অধীনে। 
কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের প্রাক্তন সম্পাদক নবীন আগরওয়াল বলেন, মহানন্দা অভয়ারণ্যের সীমানা থেকে পাঁচ কিমি পর্যন্ত এলাকায় শহরের ভক্তিনগর চেকপোস্ট, ৪২, ৪৬ নম্বর ওয়ার্ড, চম্পাসারি পঞ্চায়েত, কালকূট মৌজা, উজানু মৌজা, দার্জিলিং মোড়, স্টেট গেস্ট হাউজ, মাটিগাড়ার একাংশ রয়েছে। চার বছর ধরে সংশ্লিষ্ট এলাকায়, বাড়ি, বাণিজ্যিক ভবন, টি ট্যুরিজম সহ বিভিন্ন ধরনের প্রকল্প করা যাচ্ছে না। সেই এলাকা পাঁচ কিমি থেকে কমিয়ে এক কিমি করার প্রস্তাব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। 
সংঠনের উত্তরবঙ্গের সভাপতি দীপক আগরওয়াল বলেন, দীর্ঘ চার বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় প্রায় ২০ হাজার কোটি টাকার প্রকল্প ঝুলছে। এক কথায় শহরের উন্নয়ন কার্যত থমকে। 
এই অবস্থায় ইএসজেড নিয়ে খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে প্রশাসন ও শিলিগুড়ি পুরসভা বৈঠকও করেছে। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন মহলের দাবি মতো ইএসজেডের এলাকা পাঁচ থেকে কমিয়ে এক কিমি করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য। সেই মতো গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র খসড়া তালিকা প্রকাশ করেছে। এই ইস্যুতে বিভিন্ন মহলের মতামত সংগ্রহ করা হচ্ছে। 
পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বিষয়টি নিয়ে মেয়র গৌতম দেব তদবির করছেন। শীঘ্রই সার্বিক উন্নয়নের স্বার্থ রক্ষা করেই ইএসজেডের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সভাপতি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ইএসজেডের এলাকা কমেছে। এখানেও কমবে বলেই আশা করছি।
সম্পর্কিত সংবাদ