Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইডির মামলায় পার্থর জামিন, মুক্তি নয় এখনই

ইডির মামলায় পার্থর জামিন, মুক্তি নয় এখনই
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এই নির্দেশ ১ ফেব্রুয়ারির আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। জামিন মামলার রায়ে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ইডি এই মামলায় চার্জশিট পেশ করেছে ঠিকই। কিন্তু চার্জ গঠন হয়নি। ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতেই চার্জ গঠন করতে হবে। জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তার আগেও জামিনের নির্দেশ কার্যকর হতে পারে। এখানেও অবশ্য বাধা হয়ে দাঁড়াতে পারে সিবিআইয়ের মামলা। যদিও আইনজ্ঞ মহলের ধারণা, ইডি মামলায় জামিন হয়ে যাওয়ায় সিবিআইয়ের ক্ষেত্রেও অন্য নির্দেশ জারির সম্ভাবনা কম। একইসঙ্গে অবশ্য আদালত স্পষ্ট করে দিয়েছে, জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তিনি বিধায়ক থাকতে পারবেন, মন্ত্রী নয়। এর মধ্যে কোনও সাক্ষীকে তিনি প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠলে বা নিম্ন আদালতের শুনানিতে অংশ না নিলে পত্রপাঠ জামিন বাতিল হয়ে যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ