Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের জিতব, দেখা হবে নবান্নেই, বার্তা প্রত্যয়ী মমতার

তৃণমূলেরই প্রত্যাবর্তন। আরো বেশি সংখ্যক আসন নিয়ে। —ভোট ঘোষণার পর এমনই প্রত্যয়ী সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম রাজনৈতিক কর্মসূচি থেকে দু-হাতে ভিক্ট্রি সাইন তুলে ধরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘জিতে আবার দেখা হবে নবান্নে।’

ফের জিতব, দেখা হবে নবান্নেই, বার্তা প্রত্যয়ী মমতার
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলেরই প্রত্যাবর্তন। আরো বেশি সংখ্যক আসন নিয়ে। —ভোট ঘোষণার পর এমনই প্রত্যয়ী সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম রাজনৈতিক কর্মসূচি থেকে দু-হাতে ভিক্ট্রি সাইন তুলে ধরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘জিতে আবার দেখা হবে নবান্নে।’

Advertisement

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সোমবারই পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার এই কর্মসূচিটি পূর্ব ঘোষিত। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও গ্যাস সিলিন্ডার সংকটের প্রতিবাদে পথে নামেন মমতা। কলেজ স্কোয়ার থেকে বিকেল ৪টায় শুরু হয় মিছিল। প্রতীকী এলপিজি সিলিন্ডার তুলে ধরে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল কর্মীরা। এছাড়া পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুনের মাধ্যমে কেন্দ্র-বিরোধী আওয়াজ তোলে তৃণমূল। মমতার মিছিলে মহিলাদের রেকর্ড সংখ্যক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওইসঙ্গে মমতার সঙ্গে মিছিলে পা মেলান সব বয়সের মানুষজন। মিছিল যখন ধর্মতলায় এসে পৌঁছায়, তখন জনপ্লাবনে অবরুদ্ধ হয়ে যায়। মমতা বলেন, ‘রবিবার নির্বাচন ঘোষণা হয়েছে। আর সোমবারই আমরা পথে।’
রাস্তাই রাস্তা দেখায়। এই প্রবাদে বিশ্বাসী বাংলার অগ্নিকন্যা। তাই সাধারণ মানুষের স্বার্থে বারবার পথে নেমেছেন তিনি। মানুষের পাশে তিনি সবসময় আছেন বলেই, বাংলার জনগণও তৃণমূলেরই উপর আস্থা, ভরসা রাখেন বলে আত্মবিশ্বাসী জোড়াফুলের কান্ডারি। সাধারণ মানুষের সমর্থনে বিপুল সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূলই আসবে, তা একবাক্যে জানিয়ে দিয়েছেন মমতা। এদিনের মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে মমতা বলেন, পরিবর্তন হবে না। তৃণমূলেরই প্রত্যাবর্তন হবে। সেইসঙ্গে বিজেপির উদ্দেশে মমতার চড়া সুর, কত হামলা, কত বদলা নিতে পারে দেখি! কিন্তু জিতব আমরাই। জিতে আবার দেখা হবে নবান্নে। চেয়ারের পরিবর্তন হবে না। জনগণের আদালতে বিজেপিকে হতে হবে বন্দি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানে মমতার সঙ্গে গলা মিলিয়েছিল তামাম বাংলা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মমতার কণ্ঠস্বর, খেলা হবে এবার দুরন্ত গতিতে। ছক্কার খেলা হবে। বিজেপিকে ছক্কা মারতে হবে। ছক্কা মেরে অক্কা করতে হবে। বাংলার প্রাণের উৎসব দুর্গাপুজো। দুর্গার হাতে অসুর বিনাসের প্রসঙ্গ তুলে নাম না করে বিজেপিকে বার্তা দেন মমতা। বলেন, মহিষাসুরমর্দিনী অসুর বিনাস করবে। দুর্গাঙ্গন তৈরি হচ্ছে বাংলায়।
ঘটনাচক্রে শনিবার ব্রিগেডে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি। ওই সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে চড়া সুরে আক্রমণ করেন মোদি। তার জবাব এদিন দিয়েছেন মমতা। বলেছেন, আগামী দিনে দেশ ও বাংলা চালাবে তৃণমূল। ২০২৬ সালেই দিল্লিতে বিজেপির সরকার পড়ে যাবে। আর নরেন্দ্র মোদি বাংলায় এসে হিসেব নেওয়ার কথা বলে গিয়েছেন। কিন্তু ওঁর মুখে ওই শব্দ অসংবিধানিক, দায়িত্বজ্ঞানহীন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। একইসঙ্গে মমতার সংযোজন, আমাদের মন্ত্রী শশী পাঁজার উপর হামলা হয়েছে। বিজেপির এক নেতা বলেছেন, কালীঘাটেও হবে! কিন্তু আমি লড়ে নেব।

সম্পর্কিত সংবাদ