নিজস্ব প্রতিনিধি, মারগাও: স্পাইক করা চুলে আন্ডারকাট। বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছে। মুম্বই সিটির বহু যুদ্ধের নায়ক বিপিন সিং ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম ট্রফি জিততে বদ্ধপরিকর। মণিপুরি উইং হাফ বড় ম্যাচে জ্বলে উঠতে জানেন। খেতাবি লড়াইয়ে আগে সালভাদোর দো মুন্ডোতে দাঁড়িয়ে বর্তমানকে দেওয়া সাক্ষাত্কারে অকপট বিপিন।
প্রশ্ন: চুলের নতুন বাহার কি ফাইনালের জন্য?
বিপিন: (হেসে) না, না! তেমন কিছু নয়। তবে হ্যাঁ, সুপার কাপের ফাইনাল স্মরণীয় করতে তৈরি।
প্রশ্ন: মেগা ম্যাচের আগে শিবিরের মুড কেমন?
বিপিন: খুবই ইতিবাচক। চলতি মরশুমে এটা আমাদের দ্বিতীয় ফাইনাল। আইএফএ শিল্ড না জেতার আক্ষেপ রবিবার মেটাতে চাই। পাশাপাশি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা এএফসি প্রতিযোগিতা খেলার সুযোগও মিলবে। সেটাও বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।
প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে গোয়াকে কেমন দেখছেন? ঘরের মাঠে তারা বাড়তি সুবিধা পাবে কি?
বিপিন: অবশ্যই এফসি গোয়া শক্তিশালী দল। এসিএল-টু খেলার সুবাদে দীর্ঘদিন ধরে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আছে। তাই ফাইনালে লড়াইটা কঠিন হবে। তবে চ্যালেঞ্জের জন্য আমরা তৈরি।
প্রশ্ন: ইস্ট বেঙ্গলে এটা আপনার প্রথম বছর। ব্যক্তিগতভাবে আপনার কাছে এই ট্রফির গুরুত্ব কতখানি?
বিপিন: আমি আগেও বলেছি, এই মরশুমটা খুবই স্পেশাল। আমি ইস্ট বেঙ্গলে যখন যোগ দিই, দল নতুন করে তৈরি হচ্ছিল। আর এখন আমরা দেশের অন্যতম সেরা দল। পরপর দু’টি প্রতিযোগিতার ফাইনাল খেলছি। আসলে মাঠের পাশাপাশি বাইরেও প্লেয়ারদের মধ্যে বন্ডিং দারুণ। রবিবার একজোট হয়ে লড়ব। ট্রফি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।
প্রশ্ন: মাঝমাঠে রশিদ-সাউল-মিগুয়েল দুরন্ত ফর্মে। তাতে অনেক বেশি সুযোগ তৈরি হচ্ছে। এটা কতটা ইতিবাচক?
বিপিন: ওরা ফর্মে থাকলে সাপ্লাইলাইন শক্তিশালী হয়। তবে শুধু মিডফিল্ড নয়। প্রত্যেক পজিশনেই কোয়ালিটি খেলোয়াড় আছে।
প্রশ্ন: গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতায় কতটা চিন্তিত?
বিপিন: গোল যেই করুক, দলের জেতাটাই বড় কথা। আমরা টিম গেমে বিশ্বাসী। আর ফুটবলে এভাবে বলা যায় না। যে কেউ গোল করতে পারে।
প্রশ্ন: ডাগ-আউটে কোচ অস্কার ব্রুজোঁর না থাকাটা কতটা অসুবিধার?
বিপিন: কোচ ডাগ-আউটে থাকলে ফুটবলারদের ঠিকমতো গাইড করতে পারেন। তবে প্র্যাকটিসে সবার দায়িত্ব ঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন অস্কার।
প্রশ্ন: ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কী বার্তা দেবেন?
বিপিন: সমর্থকরা পাশে থাকুন। কথা দিচ্ছি, ট্রফি জয়ের চেষ্টায় ত্রুটি থাকবে না।