Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘গাড়ির দরজার কাচ খুলে কোনওরকমে বেরিয়েছি’, এখনও আতঙ্কে ছোট্ট প্রিয়ম

আমাদের গাড়ি পুকুরে পড়ে যাওয়ার পর জলের ধাক্কায় আমি সামনের দিক থেকে পিছনে চলে আসি। গাড়ি থেকে বেরনোর জন্য কাচ ঠেলছিলাম।

‘গাড়ির দরজার কাচ খুলে কোনওরকমে বেরিয়েছি’, এখনও আতঙ্কে ছোট্ট প্রিয়ম
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘আমাদের গাড়ি পুকুরে পড়ে যাওয়ার পর জলের ধাক্কায় আমি সামনের দিক থেকে পিছনে চলে আসি। গাড়ি থেকে বেরনোর জন্য কাচ ঠেলছিলাম। প্রথমে কিছুতেই কাচ খুলতে পারছিলাম না। তারপর একটু সরাতে পেরেই বেরিয়ে পাড়ে উঠি।’ সোমবার বিকেলে নিজের বাড়িতে বসে ভয়াবহ দুর্ঘটনার অভিজ্ঞতা শোনাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্র প্রিয়ম বাগ। তখনও তার চোখেমুখে আতঙ্ক। পরিবারের সকলে কার্যত নির্বাক। ছোট্ট প্রিয়ম আরও বলে, ‘শ্মশানতলায় একজনকে নামানোর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি পুকুরে উল্টে যায়। আমি আর অর্ক সামনের সিটে বসেছিলাম। পিছনের সিটে তিনজন ছিল। অর্ক জানালা দিয়ে বেরিয়ে যেতে পারলেও আমি জলের ধাক্কায় পিছনে চলে আসি। পরে অনেক কষ্টে কাচ খুলে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। শ্মশাননতলা থেকে গাড়ি ছাড়ার পর স্টিয়ারিং থেকে কাকুর হাত ছেড়ে গিয়েছিল। তারপরেই এটা ঘটল।’ প্রিয়ম জানায়, মাস দু’য়েক আগে চালকের হার্ট অপারেশন হয়েছে। বুকে মেশিন বসানো আছে তাঁর। প্রিয়মের মা প্রিয়াঙ্কা বাগও জানান, চালক শ্রীমন্ত বাগের হার্টের অপারেশন হয়েছে কিছুদিন আগে। তারপর থেকে অন্য একজন গাড়ি চালাচ্ছিলেন। শ্রীমন্ত গাড়ি চালাচ্ছিলেন মাঝেমধ্যে। এদিন তিনিই ছিলেন অভিশপ্ত পুলকারের চালক। 

Advertisement

শ্মশানতলায় ক্লাস ওয়ানের এক ছাত্রীকে নামানোর কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনা ঘটে। আরসিতা মণ্ডল নামে সেই ছাত্রীর মা মন্দিরা মণ্ডল ঘটনার পর থেকে কেঁদেই চলেছেন। তিনি বলছিলেন, ‘সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে মেয়েকে ফিরে পেয়েছি। মেয়ে গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই চিৎকার কানে আসে, গাড়ি পুকুরে পড়ে গিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম, আমার মেয়েও পড়ে গিয়েছে। পাগলের মতো চিৎকার করছিলাম। অনেকে চেষ্টা করেছিল। কিন্তু গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। তিনটে বাচ্চা শেষ হয়ে গেল।’ স্থানীয়রা বলছেন, গ্রামে এখন রাস্তার কাজ হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গায় পাথর পড়ে আছে। তাতে গাড়ির চাকা পিছলে যাচ্ছে। এই ঘটনার পর এলাকার অনেকেই বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। 
পুলিশ জানিয়েছে, চালক শ্রীমন্ত বাগকে গ্রেফতারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে অনিচ্ছকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটির সিএফ (সার্টিফিকেট অব ফিটনেস) ছিল না। গাড়ির অন্যান্য নথিপত্রও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাওড়া (গ্রামীণ)-এর পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘আইনত যা যা ব্যবস্থা নেওয়ার, সব নেওয়া হচ্ছে। গাড়ির কাগজপত্র ঠিক ছিল কি না, তাও দেখা হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ