Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন মেসির সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নিই: স্কালোনি

আর্জেন্টিনার কোচ স্কালোনি মেসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। বিস্তারিত পড়ুন।

ক্যাপ্টেন মেসির সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নিই: স্কালোনি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

টেক্সাস: ফুটবলের টিমের আসল বস হেড কোচই। কিন্তু আর্জেন্তিনার ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লায়োনেল স্কালোনি রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, মেসিই আসল বস। তাঁর কথায়, ‘কেউ যদি মনে করে আমিই টিমের সর্বেসর্বা, তা হলে ভুল ভাববে। মেসির সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিই না। এমনকি, মেসিকে মাঠ থেকে তোলার আগেও জিজ্ঞাসা করি। আর এটাই হওয়া উচিত। কারণ মেসি বিশ্বের সেরা ফুটবলার। ও মাঠে থাকা মানেই কিছু না কিছু হতে থাকে।’

Advertisement

জাতীয় দলে স্কালোনি একসময় (২০০৬ বিশ্বকাপ) মেসির সতীর্থ ছিলেন। আর এখন কোচ। তাই তাঁদের মধ্যে সম্পর্কও বেশ সুন্দর। আর সেই রসায়নই আর্জেন্তিনাকে ২০২২ বিশ্বকাপ জেতায়। এবার কি লা আলবিসেলেস্তে খেতাব ধরে রাখতে পারবে? সেটাই বড় প্রশ্ন। মেগা আসর শুরুর আগে আর্জেন্তিনা দারুণ ছন্দে রয়েছে। তবে প্রথম একাদশের একাধিক ফুটবলারের চোট চিন্তায় রাখছে গতবারের চ্যাম্পিয়নদের। বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের হাতের আঙুলে চিড় ধরেছে। তবে তিনি নিজে দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। শুক্রবার ব্যান্ডেজ হাতেই মাঠে নেমে পড়েছিলেন। দুরন্ত একটি সেভও করেন। যা দেখে স্কালোনির চোখেমুখে খুশির ঝলক। অস্বীকারের উপায় নেই, ২০২২ বিশ্বকাপ জয়ে এমিলিয়ানোর অবদান কম ছিল না। টাই-ব্রেকারে তিনিই আর্জেন্তিনার ভরসা। তাই যেনতেনপ্রকারেণ ফিট ‘ডিবু’কে দলে চাইছেন স্কালোনি। এছাড়া মেসিও একশো শতাংশ ফিট নন। ইন্তার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছিল। এখন অবশ্য বল পায়ে মাঠে ফিরেছেন।
এদিকে, প্রীতি ম্যাচে ফ্রান্সের হার ও স্পেনের ড্রয়ের পর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্জেন্তিনা। কিন্তু সমস্যা হল, শীর্ষ র‌্যাংকিংয়ে থাকা কোনো দল এখনও পর্যন্ত সেবার বিশ্বকাপ জেতেনি। এটা যেন একপ্রকারের অভিশাপ। ফিফা র‌্যাংকিং চালু হয় ১৯৯৩ সালে। ১৯৯৪ সালে শীর্ষ র‌্যাংকিং দল হিসেবে খেলতে নেমেছিল জার্মানি। সেবার চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের বার শীর্ষদল হিসেবে খেলতে নেমে ব্রাজিল আবার ফাইনালে বশ মানে। গতবারও শীর্ষদল হিসেবে মেগা আসরে নেমেছিল সেলেকাওরা। তবে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। যদিও এই অভিশপ্ত পরিংসখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ স্কালোনি-ব্রিগেড। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দু’বার বিশ্বচ্যাম্পিয়নের কীর্তি গড়তে বদ্ধপরিকর লায়োনেল স্কালোনিরা। উল্লেখ্য, রবিবার বিশ্বকাপের প্রস্তুতিতে হন্ডুরাসের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা।

সম্পর্কিত সংবাদ