নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাবতীয় বিতর্কের অবসান। আই লিগ জিতে আগামী মরশুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করল গোয়ার চার্চিল ব্রাদার্স। রবিবার ফেডারেশনের আপিল কমিটির বৈঠকে সিদ্ধান্তে সিলমোহর পড়ে। ২২ ম্যাচে চার্চিলের পয়েন্ট ৪০। সমসংখ্যক ম্যাচে ইন্টার কাশীর পয়েন্ট ৩৯। নাটকীয় পরিস্থিতিতে অন্যতম কর্তা আলেমাও চার্চিলের মন্তব্য, ‘সত্যের জয় হল। আমরা আইএসএল খেলতে তৈরি।’ অন্যদিকে, তীরে এসে তরি ডুবল ইন্টার কাশীর। লিগে নামধারী এফসি’র বিরুদ্ধে তাদের পয়েন্ট কাটা যাওয়াই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বল গড়ায় আদালতে। তবে চার্চিল চ্যাম্পিয়ন হলেও ইন্টার কাশী কর্তারা অবিলম্বে ফিফার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, কয়েকদিন আগেই আপিল কমিটির সদস্য হিসাবে প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়কে নিয়োগ করে ফেডারেশন। কিন্তু কমিটির বৈঠক প্রসঙ্গে অন্ধকারে তিনি। যোগাযোগ করা হলে দীপঙ্কর প্রায় আকাশ থেকে পড়লেন। তাঁর মন্তব্য, ‘এই বিষয়ে আমার কিছুই জানা নেই।’



