নিজস্ব প্রতিনিধি, বারাসত: ম্যাজিস্ট্রেটের সামনে যৌন নির্যাতন নিয়ে গোপন জবানবন্দি দিয়েছিল নাবালিকা। অভিযুক্ত যুবককে জেলও খাটতে হয়। কিন্তু সেই নাবালিকা প্রাপ্তবয়স্ক হয়ে বদলে ফেললেন জবানবন্দি! পুলিশের উপর দায় চাপিয়ে বিচারকের কাছে বললেন, ‘পুলিশকাকুদের কথা মতো জবানবন্দি দিয়েছিলাম।’ ওই তরুণীর বয়ান ও তথ্যপ্রমাণের অভাবে অভিযুক্ত শেখ সাহিদকে বেকসুর খালাসের নির্দেশ দিলেন বারাসত আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসত জেলা আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আদালত সূত্রে জানা গিয়েছে, লেকটাউন থানা এলাকার যুবক শেখ সাহিদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁরই প্রতিবেশী নাবালিকার। ২০২৩ সালে প্রেমের টানে নাবালিকাকে নিয়ে চম্পট দিয়েছিল যুবক। বহু জায়গায় খোঁজ করেও নাবালিকাকে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এরপর তাঁরা লেকটাউন থানায় নাবালিকা অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকা অপহরণের অভিযোগে ওই বছরের ২৫ ডিসেম্বর পুলিশ শেখ সাহিদকে গ্রেপ্তার করেছিল। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে নাবালিকা যৌন নির্যাতনের কথা বলে। তখন শেখ সাহিদের বিরুদ্ধে পকসো ধারা যুক্ত করা হয়। মামলা চলে বারাসতের বিশেষ পকসো আদালতে।
আট মাস জেল খাটার পর ২০২৪ সালের ২ আগস্ট জামিন পান অভিযুক্ত সাহিদ। এই মামলার শুনানি চলছিল। মেডিকেল অফিসার সহ মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। কিন্তু ওই নাবালিকাও এই কেসের অন্যতম সাক্ষী। বর্তমানে তিনি সাবালিকা। তিনি বিচারকের কাছে বলেন, ‘আমার সঙ্গে ওই সময় কোনো যৌন নির্যাতনের ঘটনা ঘটেনি। পুলিশকাকুদের কথায় বাধ্য হয়ে সেই সময় মিথ্যা কথা বলেছি।’ তাঁর এই বক্তব্যের পর ২৩ নভেম্বর অভিযুক্ত শেখ সাহিদকে বেকসুর মুক্তির নির্দেশ দেয় বিশেষ পকসো কোর্ট। মামলার অভিযুক্ত পক্ষের আইনজীবী কৌশিক ঘোষ বলেন, ‘অপরাধীরা শাস্তি পাক। একজন নিরপরাধী যেন শাস্তি না পায়। কিন্তু এই মামলায় পুলিশের ভূমিকার জন্য একজন নিরপরাধ ব্যক্তি জেল খাটল। সমাজে তাঁর সম্মানহানি হল।’



