চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ডুরান্ড কাপ জয়। ইস্ট বেঙ্গল তাঁবুতে আলোর রোশনাই। কঠিন সময়ে বিপর্যয় সামলে ফের ঝলমলে মশাল বাহিনী। কতটা কঠিন ছিল এই পথ? ক্লাব তাঁবুতে বসে বর্তমানের নানা প্রশ্নের উত্তর দিলেন লাল-হলুদের শীর্ষকর্তা।
চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ডুরান্ড কাপ জয়। ইস্ট বেঙ্গল তাঁবুতে আলোর রোশনাই। কঠিন সময়ে বিপর্যয় সামলে ফের ঝলমলে মশাল বাহিনী। কতটা কঠিন ছিল এই পথ? ক্লাব তাঁবুতে বসে বর্তমানের নানা প্রশ্নের উত্তর দিলেন লাল-হলুদের শীর্ষকর্তা।
সোমনাথ বসু, কলকাতা
প্রশ্ন: ডার্বিতে ৪-১ গোলে জয়। এই সাফল্য কীভাবে ব্যাখ্যা করবেন?
দেবব্রত সরকার: টিম ওয়ার্কেই জয়। দেখুন, ক্লাব কর্তা হিসাবে বহু কোচকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে। কোচ হাবাস যেন প্রদীপদা, ভোম্বলদার (সুভাষ ভৌমিক) মিশ্রণ। রক্ত গরম করা বডি ল্যাঙ্গুয়েজ। ম্যাচ রিডিং, অনুশীলনের পদ্ধতি , ফুটবলার নির্বাচনে মিল প্রচুর। আশা করব, ওঁর কোচিংয়ে আমরা আরও সাফল্য পাব।
প্রশ্ন: বড়ো ম্যাচে বড়ো জয়। কিন্তু বারবার ডার্বির পর সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। আপনারা নীরব কেন?
দেবব্রত সরকার: নিন্দার ভাষা নেই। এর শেষ দেখতে চাই। মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়েছি। উনি নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেবেন। অবিলম্বে এর বিহিত হওয়া দরকার।
প্রশ্ন: পুরানো প্রসঙ্গে আসা যাক। ২০২০-২১ মরশুমে আইএসএলে ইস্ট বেঙ্গলের অভিষেক। ব্যর্থতার অন্ধকার থেকে ভারত সেরার পথ কতটা কঠিন ছিল?
দেবব্রত সরকার: লড়াই ইস্ট বেঙ্গলের রক্তে। আমাদের পূর্বসূরিরা সেটাই শিখিয়েছেন। সমস্যা ছিল, তা অস্বীকারের জায়গা নেই। সমালোচনা থাকবেই। তাকে সহ্য করে এগিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। ধৈর্য ধরতে হয়। তখন বেশিরভাগ ভারতীয় ফুটবলার অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ঠিকঠাক দল গড়া যায়নি। তবে কঠিন সময়ে ইমামিকে কৃতজ্ঞতা জানাই। ধীরে ধীরে শক্তিশালী স্কোয়াড গড়েছে বিভাস। আমার সহযোদ্ধাদের পাশাপাশি ওদেরও কৃতিত্ব প্রাপ্য।
প্রশ্ন: শক্তিশালী দল গড়তে বিপুল অর্থ প্রয়োজন। না হলে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। ইস্ট বেঙ্গলে কিন্তু এখনও ইনভেস্টর নেই। কী ভাবছেন?
দেবব্রত সরকার: সদস্য, সমর্থকদের বলব, আস্থা রাখুন। যারা কাজ করে ঈশ্বর তাদের সহায় হন। আমরা আশাবাদী, সমস্যা দ্রুত মিটবে। পাশাপাশি বলতে চাই, কঠিন সময়েও হাল ধরে রাখার চেষ্টা করেছি। বৃষ্টির মধ্যে অন্যের ছাতায় মাথা গলাইনি। অন্যের মত কয়েক বছরের ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত হওয়ার প্রশ্নই নেই। নিজেরা সাধ্যমতো চেষ্টা করেই সমাধানের পথ খুঁজেছি। আজকের সাফল্যে প্রমাণিত, আমরা ভুল ছিলাম না।
প্রশ্ন: অস্কার ব্রুজোঁ ও মিগুয়েল না থাকায় গেল গেল রব উঠেছিল। অল্প সময়ে দল গুছিয়ে নেওয়া কতটা কঠিন ছিল?
দেবব্রত সরকার: কোনওকিছুই চিরস্থায়ী নয়। প্রতিষ্ঠানই শেষ কথা। আসা-যাওয়া থাকবেই। প্রতিকূল পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাওয়ার নামই ইস্ট বেঙ্গল। আবারও বলছি, এটা লাল-হলুদ মশালের স্পিরিটের জয়।