কানপুর: শ্বশুড় ওষুধ ব্যবসায়ী বিনীত মানোচাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কানপুরের গৃহবধূ শালু মানোচাকে। তদন্তের পরে পুলিশের ভুল ভাঙে। শালু নয়, মূল কালপ্রিট তাঁর স্বামী সুব্রত মানোচাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে সোমবার রেহাই দেওয়া হয় শালুকে। মুক্তি পাওয়ার পরে মঙ্গলবার এই প্রথম মুখ খুললেন শালু। তাঁর স্বামী যে এমন কাণ্ড করতে পারেন, এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। সংবাদমাধ্যমের কাছে শালু জানিয়েছেন, ‘সুব্রতর সঙ্গে শ্বশুরের সম্পর্কের টানাপোড়েনের কথা জানতাম। ওঁদের মধ্যে আকচাআকচি ছিল। তবে সেটা খুন পর্যন্ত গড়াতে পারে ভাবতেই পারছি না।’ তিনি আরও বলেন, ‘স্বামীর মনে কি চলছিল জানতাম না। আমার সঙ্গে কী ঘটে গেল, তা এখনও হজম করতে পারছি না।’ ২১ দিন জেলে থাকাই তাঁর জীবনের কঠিন সময় ছিল। বারবার তাঁর বাড়িতে থাকা ছেলের কথা মনে পড়ছিল বলে জানিয়েছেন শালু।



