ওয়াশিংটন: ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। শুধু শান্তির প্রচার করতে চাই।’ ‘যিশু’ হতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্টকে সাফ জবাব পোপ চতুর্দশ লিও’র। স্পষ্ট বুঝিয়ে দিলেন, নিজের অবস্থান থেকে কখনোই সরে দাঁড়াবেন না!
ইরান যুদ্ধকে কেন্দ্র করে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে হরমুজ প্রণালী না খুললে ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই বক্তব্যের নিন্দায় সরব হন পোপ চতুর্দশ লিও। এরপর থেকেই পেন্টাগনের সঙ্গে সরাসরি বাগযুদ্ধে জড়িয়ে পড়ে ভাটিকান। মাঝে পোপকে আমেরিকার পক্ষ নেওয়ার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। তবে চাপ দেওয়া সত্ত্বেও মাথা নত করেননি চতুর্দশ লিও। উলটে তিনি জানান, যিশু খ্রিস্ট যুদ্ধকে সমর্থন করেন না।
রবিবার সরাসরি পোপকে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প লেখেন, ‘পোপ চতুর্দশ লিও মোটেই ভালো কাজ করছেন না। উনি অপরাধ ভালোবাসেন। আমরা এমন একজন পোপকে পছন্দ করি না, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি ওঁর ভক্ত নই। উনি একজন উদারপন্থী মানুষ। সেইসঙ্গে অপরাধও পছন্দ করেন।’ এখানেই না থেমে ট্রাম্প লেখেন, ‘লিওর কৃতজ্ঞ থাকা উচিত। মার্কিন নাগরিক হওয়ার কারণেই তালিকায় ওঁর নাম যুক্ত করা হয়েছিল। চার্চ ভেবেছিল, এভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া করা যাবে। আমি হোয়াইট হাউসে না থাকলে উনিও ভাটিকানে যেতেন না।’ এরপরেই নিজেকে যিশুর সঙ্গে তুলনা করে একটি এআই ছবি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যের জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি পোপ। সোমবার আফ্রিকা সফরে যাওয়ার সময় বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এখানে এসেছি। ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি জোর গলায় যুদ্ধের বিরুদ্ধে প্রচার করে যাব। প্রচুর নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছেন। আমার মনে হয়, কাউকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে!’