সংবাদদাতা, আলিপুরদুয়ার: এবার হাতির দল ঢুকে পড়ল একেবারে হ্যামিল্টনগঞ্জ বাজার এলাকায়। সোমবার রাতে বক্সা জঙ্গলের তিনটি হাতি হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লি ও হাটখোলা এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। দলটি এলাকার একাধিক বাড়ির পাকা সীমানা প্রাচীর ও বাঁশের বেড়া ভেঙে তছনছ করে দিয়েছে। হ্যামিল্টনগঞ্জ হাটখোলার ব্যবসায়ী কিশোর ছেত্রীর দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাতির দল। তাণ্ডবের জেরে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা পরিবার নিয়ে সারা রাত ঘুমোতে পারেননি। হ্যামিল্টনগঞ্জ বাজার থেকে বক্সার নিমাতি ও গুদামডাবরীর জঙ্গল ১২-১৩ কিলোমিটার দূরে। হ্যামিল্টনগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, বাজার এলাকায় এক বছর আগে মাত্র একবার হাতি ঢুকেছিল। তারপর আর হাতির দলের হানা হয়নি এদিকে। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে ফের হাতির দল বাজার এলাকায় ঢুকে পড়ে তাণ্ডব চালায়। রাতেই হাতির দলটি জঙ্গলে ফিরে যায়। হ্যামিল্টনগঞ্জের রেঞ্জার অর্ণব দাস বলেন, বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।



