হায়দরাবাদ: ২০১৩ সালে হায়দরাবাদ বিস্ফোরণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখল তেলেঙ্গানা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে লক্ষ্মণ ও বিচারপতি পি শ্রী সুধার বেঞ্চ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের পাঁচ শীর্ষকর্মীর বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রাখে। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি হায়দরাবাদের জনবহুল শপিং মল এলাকায় দু’টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রথমটি দিলসুখনগরের একটি বাসস্টপে। দ্বিতীয়টি একটি রেস্তরাঁর কাছে। ঘটনায় ১৮ জন মারা গিয়েছিলেন। আহত হন ১৩১ জন। প্রাথমিকভাবে হায়দরাবাদ পুলিস সিট গঠন করে ঘটনার তদন্ত করে। তারপর এনআইএ তদন্ত করা হয়। প্রায় চার হাজার পাতার চার্জশিট দেয় এনআইএ। নিম্ন আদালত এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়।



