


হায়দরাবাদ: মাত্র ১৫ বলে অর্ধশতরান! শনিবারের উপ্পলে অভিষেক ঝড়ে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অরেঞ্জ-ব্রিগেড তোলে ৯ উইকেটে ১৯৪। সৌজন্যে অভিষেক শর্মা (৫৯) ও ক্লাসেনের (৫৯) অর্ধশতরান। জবাবে চেন্নাই থামে ৮ উইকেটে ১৮৪ রানে।
কিছুদিন আগে টি-২০ বিশ্বকাপে অফ ফর্মের কারণে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন অভিষেক। চলতি আইপিএলেও তাঁর ব্যাটে ধারাবাবিকতার অভাব স্পষ্ট। পাঞ্জাবের বিরুদ্ধে ৭৪ রানের ইনিংসের পর গত ম্যাচে খাতাই খুলতে পারেননি মারকুটে ওপেনার। তবে ব্যর্থতা ভুলে শনিবার ঘরের মাঠে শুরু থেকেই ঝড় তুললেন অভিষেক। পঞ্চম ওভারে তো অফ-স্পিনার ম্যাথু শর্টের নাভিশ্বাস তুলে দেন তিনি। ওভারের শেষ পাঁচ ডেলিভারিতে হাঁকান ৪, ৪, ৪, ৬, ৬। শেষ পর্যন্ত ৬টি চার ও ৪টি ছক্কা সহ ২২ বলে ৫৯ রানের ইনিংস খেলে থামেন অভিষেক। হেডের সংগ্রহ ২৩। ক্যাপ্টেন ঈশান কিষান ফেরেন শূন্যতে। তবে হেনরিখ ক্লাসেন এদিনও ভরসা জোগান। ৬টি চার ও ২টি ছক্কা সহ ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি।
রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ফেরেন সঞ্জু স্যামসন (৭)। ক্যাপ্টেন ঋতুরাজের ব্যাট থেকেও ১৯ রানের বেশি আসেনি। তবে আয়ূষ মাত্রে (৩০), ম্যাথু শর্ট (৩৪), সরফরাজ খান (২৫), শিবম দুবেরা (২১) চেন্নাইয়ের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। তবে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ চেন্নাই।