Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যে কাজে যেতেই দ্বিতীয় বিয়ে স্বামীর, ঘরে ঢুকতে না দেওয়ায় সন্তানকে নিয়ে ধর্নায় বধূ

ভিনরাজ্যে কাজে যেতেই দ্বিতীয় বিয়ে স্বামীর, ঘরে ঢুকতে না দেওয়ায় সন্তানকে নিয়ে ধর্নায় বধূ
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: স্বামী ফের বিয়ে করায় গুজরাত থেকে ফিরে এসে ধর্নায় বসলেন স্ত্রী। সংসার করার দাবিতে ছ’মাসের সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির দরজায় ধর্নায় বসেন সুমি খাতুন। বৃহস্পতিবার চাঁচল ১ ব্লকের মকদমপুর গ্রামের ঘটনায় ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসী।

Advertisement

কয়েকবছর আগে গুজরাতে কাজ করতে গিয়ে মকদমপুরের যুবক সাদ্দাম হোসেনের সঙ্গে সুমির পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গুজরাতে বিয়ে করার পর সুমিকে নিয়ে গ্রামে আসেন সাদ্দাম। তখন সামাজিকভাবে ফের বিয়ে দেওয়া হয় দুজনের। কিছুদিন সংসার চলার পর শুরু হয় দাম্পত্য বিবাদ। সুমির অভিযোগ, শাশুড়ি ও স্বামী অত্যাচার শুরু করেন। পুত্র সন্তানের জন্মের কিছুদিন পর সাদ্দাম ভিনরাজ্যে চলে যান। অভাবের কারণে সুমিও সন্তানকে নিয়ে গুজরাতে কাজে যান। 
সুমির অভিযোগ, এরই মাঝে সাদ্দাম গ্রামে ফিরে ফের বিয়ে করেছেন। খবর পেয়ে সন্তানকে নিয়ে এদিন গ্রামে আসেন সুমি। কিন্তু সাদ্দাম বাড়িতে ছিলেন না। সুমিকে বাড়ি ঢুকতে না দিয়ে শাশুড়ি সেতারা বিবি দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ। বাধ্য হয়ে সুমি বাড়ির বাইরে চট পেতে সন্তানকে নিয়ে ধর্নায় বসেন। সুমির দাবি, আমি সাদ্দামের স্ত্রী। কিন্তু এখন আমাকে মেনে নেওয়া হচ্ছে না। সন্তানের ভবিষ্যৎ কী হবে? সেতারার দাবি, সুমি তিনমাস বাইরে ছিল। হঠাৎ ফিরে এসেছে। কেউ তো এভাবে মেনে নেবে না। ও চলে যাওয়ায় ছেলের আবার বিয়ে দিয়েছি। যদিও প্রতিবেশীরা সুমির পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় বাসিন্দা শাহাজান আলি বলেন, সাদ্দামের একাধিক বিয়ের প্রবণতা এলাকায় খারাপ প্রভাব ফেলছে। একাধিকবার সালিশি হয়েছে, কিন্তু তোয়াক্কা করেনি। এই বধূকে ঘরে না তুললে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।প্রতিবেশী আরজু বিবি বলেন, সুমি যখন গর্ভবতী ছিল, তখনও তার উপর নির্যাতন চালাত সাদ্দাম। তা নিয়ে সালিশি হলেও সমস্যা মেটেনি। 
এলাকার বাসিন্দা ও চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন, বধূর উপর অত্যাচার করলে এবং ঘরে না তুললে আমরা বরদাস্ত করব না।
চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ