Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন স্ত্রীর কাছে ফিরতে চাওয়ায় কাটারি দিয়ে কুপিয়ে খুন স্বামীকে! বাগুইআটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটিতে খুন কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এল পুলিসের। দু’জনেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। পুরনো সংসার ছেড়ে ভাড়াবাড়িতে নতুন সংসার পাতলেও তা সুখকর হয়নি।

প্রাক্তন স্ত্রীর কাছে ফিরতে চাওয়ায় কাটারি দিয়ে কুপিয়ে খুন স্বামীকে! বাগুইআটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটিতে খুন কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এল পুলিসের। দু’জনেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। পুরনো সংসার ছেড়ে ভাড়াবাড়িতে নতুন সংসার পাতলেও তা সুখকর হয়নি। রোজই ঝগড়া-অশান্তি! তিতিবিরক্ত হয়ে দ্রুত ভাড়াবাড়ি ছাড়তে বলেছিলেন বাড়ির মালিক। কিন্তু, কেন অশান্তি? তদন্তে পুলিস জানতে পেরেছে, মৃত ভোলা হালদার আগের পক্ষের স্ত্রীর কাছে ফিরতে চেয়েছিলেন। সেই অশান্তির জেরেই কাটারি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রী উপাসনা! এ বিষয় নিয়ে বাড়ির মালিকও বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পলাতক উপাসনার খোঁজ মেলেনি।

Advertisement

বাগুইআটির জগৎপুর চড়কতলা এলাকায় ভাড়া থাকতেন ভোলা হালদার (৩৫) এবং তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রী উপাসনা। বুধবার দুপুরে বাড়ির ভিতর থেকে পোড়া গন্ধ পান মালিক। তারপরই বাথরুমের ভিতর থেকে ভোলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। চম্পট দেয় উপাসনা। তার এক পরিচিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তবে, অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিককে খবর দেওয়া হয়েছে। খুনে কাটারি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয়ত, কী ধরনের তথ্য-প্রমাণ লোপাট করার জন্য উপাসনা কাপড়ে আগুন দিয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানতে পেরেছে, প্রথম থেকেই উপাসনার গতিবিধি ভালো ছিল না। বুধবার দুপুরে পোড়া গন্ধ পেয়ে বাড়ির মালিকরা যখন তাঁদের ঘরে যান, তখন দরজা খুলতে অনেকটা দেরি করে উপাসনা! দ্বিতীয়ত, ভিতরে ঢুকে মালিকপক্ষের লোকজন দেখেন, সে জামা-কাপড় পোড়াচ্ছিল! বিছানার উপর নামানো রয়েছে ধারালো কাটারি। সন্দেহ হওয়ায় বাড়ি মালিক বাথরুম চেক করার কথা বললেন। অভিযোগ, উপাসনা বাধা দেয়। তখন বাড়ি মালিক বলেন, আজই ঘর ছেড়ে জিনিসপত্র নিয়ে চলে যাও। একজন পরিচিত ওই বাড়িতে আসেন। তিনিই দেখেন, বাথরুমে রক্তাক্ত অবস্থায় ভোলার মৃতদেহ পড়ে রয়েছে। সেই সুযোগে উপাসনা বাড়ি থেকে পালিয়ে যায়!

Advertisement
সম্পর্কিত সংবাদ