Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! পড়শি যুবককে কোপ স্বামীর

সন্দেহ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। সেই সন্দেহের বশেই প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন স্বামী

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! পড়শি যুবককে কোপ স্বামীর
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সন্দেহ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। সেই সন্দেহের বশেই প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন স্বামী। সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটেছে বাঁকড়ার পশ্চিমপাড়ায়। স্বামী শেখ শাহরুখের ধারণা, প্রতিবেশী যুবক মহম্মদ সারোয়ারের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই আক্রোশেই এই হামলা। স্থানীয় লোকজনই রক্তাক্ত অবস্থায় সারোয়ারকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে হামলার ছবি ধরা পড়েছে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ শাহরুখ পেশায় জরির কাজ করেন। বিয়ের পর থেকেই তিনি পেশার কারণে মুম্বইয়ে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। তবে দু’বছর আগে পাকাপাকিভাবে ফিরে আসেন বাঁকড়ায়। এরপর তাঁর কানে আসে স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক সারোয়ারের ঘনিষ্ঠতার কথা। অভিযোগ, এ নিয়ে বহুদিন ধরেই দাম্পত্যে টানাপোড়েন চলছিল। স্থানীয়দের দাবি, সোমবার দুপুরেও তাঁদের মধ্যে তীব্র অশান্তি হয়। সেই সময় ওই বাড়িতে হাজির হন সারোয়ার। তাঁকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহরুখ। ছুরি জাতীয় ধারালো অস্ত্র নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন সারোয়ারের উপর। অতর্কিত হামলায় রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সারোয়ারকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাঁর অবস্থা গুরুতর দেখে দ্রুত স্থানান্তর করেন হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারোয়ারের বাড়ি বিহারে। বাঁকড়ার পশ্চিমপাড়ায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। সেখানেই ভাড়া থাকেন তিনি। অভিযোগ, সেই দোকানে যাতায়াতের সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় শাহরুখের স্ত্রীর সঙ্গে। এদিকে, হামলার পর থেকেই পলাতক শাহরুখ। এদিন রাত পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পুলিশ। তদন্তকারীরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে দাম্পত্য কলহই মূল কারণ বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Advertisement
সম্পর্কিত সংবাদ