সংবাদদাতা, মেদিনীপুর: গরিব বাসিন্দাদের বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করতে আর কোনও সমস্যা রইল না। বাড়ি তৈরি জন্য ফের খড়্গপুর পুরসভা দু’ কোটি টাকা পেল। পুজোর আগে এই প্রকল্পে পুরসভা এক কোটি টাকা পেয়েছিল। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, দু’ দিন আগেই রাজ্য পুর উন্নয়ন নিগমের কাছ থেকে দু’ কোটি টাকা পুরসভায় এসেছে। টাকা না থাকায় যাঁদের বাড়ি তৈরির কাজ মাঝপথে আটকে ছিল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আজ শনিবার এই বিষয়ে পুরসভার রিভিউ মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে হাউস ফর অল প্রকল্পের কাজ কোন পর্যায়ে আছে তা নিয়ে পর্যালোচনা হবে। যাতে দ্রুত ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) পাঠিয়ে পরবর্তী পর্যায়ের টাকা চাওয়া যায় সে ব্যাপারে কাউন্সিলারদের উদ্যোগ নিতে বল হবে।
Advertisement
প্রসঙ্গত, এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ৩ লক্ষ ৬৮ হাজার টাকা খরচ ধরা হয়। উপভোক্তাকে দিতে হয় ২৫ হাজার টাকা। বাকি টাকার দু’ লক্ষ টাকা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার দেয় ১ লক্ষ ৪৩ হাজার টাকা। পুরসভার এক আধিকারিক বলেন, তিনটি পর্যায়ে এই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। লোকসভা ভোটের আগে এই প্রকল্পে পুরসভা প্রায় ৯ কোটি টাকা পেয়েছিল। কিন্তু জিআই ট্যাগিং না থাকায় গত আগস্ট মাসে পুরসভা থেকে প্রায় চার কোটি টাকা তুলে নেওয়া হয়। পুরসভার ওই আধিকারিক বলেন, জিআই ট্যাগিং না হলে রাজ্য পুর উন্নয়ন নিগম ধরে নেয় সেই পুরসভা কাজ করতে পারছে না। তখন যে পুরসভা ভালো কাজ করছে তাকে সেই টাকা দিয়ে দেওয়া হয়। চেয়ারপার্সন বলেন, সেই সময়ে আমাদের কিছু ঘাটতি ছিল। সেই ঘাটতি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা দেড় কোটি টাকা চেয়ে ইউসি পাঠিয়েছিলাম। পুজোর আগে আমাদের এক কোটি টাকা দেওয়া হয়। অফিস খুলতে আমরা দ্রুত সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। পরবর্তী কালে ফের টাকা চেয়ে ইউসি পাঠানো হয়। সেই মতো ফের দু’ কোটি আমাদের পাঠানো হয়েছে। যত দ্রুত আমরা এই টাকার ইউসি পাঠাতে পারব পরবর্তী টাকা আসবে। গরিবদের বাড়ি তৈরি নিয়ে আর কোনও সমস্যা থাকবে না। আমরা দ্রুত বাড়ির কাজ শেষ করতে পারব। সেই উদ্যোগ নিতেই এদিন কাউন্সিলারদের নিয়ে রিভিউ মিটিং করা হবে।



