সংবাদদাতা, বিষ্ণুপুর: নেতাজির অপমানের প্রতিবাদে শুক্রবার বিষ্ণুপুরে অনশনে বসেন মুনমুন চক্রবর্তী। বিষ্ণুপুরের বাসিন্দা মুনমুনদেবীর স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেখান থেকে এদিন দুপুরে তাঁরা উড়ে আসেন। দুপুরে অনশন শুরু করেন মুনমুনদেবী। শহরের কলেজ রোডে অনশন মঞ্চ তৈরি করা হয়। তাতে অনেকেই যোগ দেন। মুনমুনের স্বামী অনির্বাণ দাসও তাতে শামিল হন। এমনকি, পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকা থেকে এক মহিলা এদিন অনশন মঞ্চে যোগ দেন।
বিষ্ণুপুরের প্রতিবাদী মুখ হিসাবে পরিচিত মুনমুনদেবী বলেন, নেতাজির অপমান আমরা কিছুতেই মানতে পারছি না। অনন্ত মহারাজের প্রকাশ্যে করা মন্তব্য আমাদের সত্যিই ব্যথিত করেছে। তার প্রতিবাদে রাজ্য সভা থেকে শুরু করে পার্লামেন্ট সহ রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকেই মেল করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এদিন বিষ্ণুপুরের পবিত্র মাটিতে অনশন শুরু করেছি।
মুনমুনের স্বামী অনির্বাণ দাস বলেন, আমাদের অনশন মঞ্চে এদিন অনেকেই আসেন। তাঁরা মানসিকভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন।
রাজ্য সরকার ইতিমধ্যে অনন্ত মহারাজের সম্মান কেড়ে নিয়েছে। এতে আমরা খুশি হয়েছি। তবে আইন অনুযায়ী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। নিজস্ব চিত্র