সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার খালনা ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে মজে থাকা একটি খালের সংস্কার করা হল। আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে কাজটি হওয়ায় স্বস্তিতে দুই পঞ্চায়েতের কয়েকশো কৃষক পরিবার। কারণ এর ফলে তাঁদের চাষের জলের সমস্যা মিটেছে, এখন সহজেই জল পাওয়া যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম খালনার শর্টকাট চ্যানেলের মুখ থেকে উত্তর ও পূর্ব মাঠ জুড়ে ৪ হাজার ১০০ মিটার এই খাল সংস্কার করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা। এর ফলে এই এলাকায় আর গরমে চাষের কাজে জলের সমস্যা হবে না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে জলের অভাবে চাষ করতে সমস্যা হতো। এবারে সেই সমস্যা মিটল। স্থানীয় বাসিন্দা জিতেন মালিক জানান, খালটি সংস্কার না করার ফলে একেবারে মজে গিয়েছিল। বিশেষ করে গরমের সময় জলের খুব সমস্যা হতো। খালটি সংস্কার করায় আমাদের বিরাট উপকার হল। এখন যে কোনও জায়গায় মেশিন বসিয়ে জমিতে জল দেওয়া যায়। গরমে আর জলের চিন্তা করতে হবে না। এজন্য বিধায়ক সুকান্ত পালকে ধন্যবাদ জানান তিনি। আর বিধায়ক বলেন, খালটি সংস্কারের জন্য আবেদন করেছিলেন এলাকার বাসিন্দারা। সেই মতো খালটি সংস্কারের ফলে খালনা ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিবারগুলি উপকৃত হবে। এলাকার কৃষকবন্ধুদের দাবি মেটাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। নিজস্ব চিত্র



