সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরা বিধানসভার ভোটার তালিকায় থেকে গিয়েছে কয়েকশো মৃত ভোটারের নাম। একই ভোটারের নাম দু’জায়গায় তালিকায় রয়েছে। অন্যত্র চলে যাওয়াদের নামও রয়ে গিয়েছে তালিকায়। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকে শাসকদল তৃণমূল সহ বিরোধী দলগুলি এই অভিযোগ তোলে। বৈঠকে সংশোধনের জন্য তাদের অবশ্য ফর্ম দেওয়া হয়েছে। বলা হয়েছে সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। বৈঠকে বিডিও প্রিয়ব্রত রাড়ি, এআরও মৃদুল শ্রীমানী উপস্থিত ছিলেন।
বিডিও বলেন, ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য এদিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে তাদের কথা যেমন শোনা হয়েছে তেমনই সরকারি গাইডলাইন জানানো হয়েছে। তাঁরা কিছু অভিযোগ তুলেছেন। নির্দিষ্ট ফর্মে তা জানাতে বলা হয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই ভোটার তালিকা ত্রুটিমুক্ত হোক। তৃণমূলে ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় চারশো মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে। যা দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় আছে। সংখ্যাটা আরও বাড়বে। এছাড়াও বিবাহ সূত্রে বা অন্য কোনও কারণে অন্যত্র চলে গিয়েছেন এরকম অনেকের নাম রয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এরকম শতাধিক নাম পাওয়া গিয়েছে। এদিন বৈঠকে সেই তথ্য তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি। সত্যপুর ও ডেবরা-১ পঞ্চায়েত এলাকায় এমন বুথ আছে যেখানে ভোটারদের তিন থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে ভোট দিতে আসতে হয়। তাঁদের যাতে নিকটবর্তী বুথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় তার আবেদন করা হয়েছে। বিডিও বিষয়গুলি দেখবেন বলেছেন।
বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য গোপাল রাও বলেন, বৈঠকে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে মৃত ভোটার ও দু’জায়গায় নাম থেকে যাওয়া ভোটারদের নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। বিয়ে হয়ে যাঁরা অন্যত্র চলে গিয়েছেন বা যাঁরা বিয়ে হয়ে এখানে এসেছেন তাঁদের দু’জায়গাতেই ভোটার তালিকায় নাম আছে। আবার জীবিত ভোটারদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সিপিএম নেতা অরুণাংশু বসু বলেন, মৃত ও দু’জায়গায় থেকে যাওয়া ভোটারদের বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। প্রশাসন থেকে নির্দিষ্ট ফর্ম দিয়ে আবেদন করতে বলা হয়েছে।