Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি রোড-শিয়ালদহ সাপ্তাহিক ট্রেন যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের

শনিবার দুপুর দু’টো। অতিথিরা সবুজ পতাকা নাড়তেই চাকা গড়াল ট্রেনের। যাত্রা শুরু হল জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের

জলপাইগুড়ি রোড-শিয়ালদহ সাপ্তাহিক ট্রেন যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শনিবার দুপুর দু’টো। অতিথিরা সবুজ পতাকা নাড়তেই চাকা গড়াল ট্রেনের। যাত্রা শুরু হল জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের। জলপাইগুড়ি থেকে এই প্রথম কলকাতায় যাওয়ার ট্রেন চালু হল। স্বভাবতই খুশির হাওয়া তিস্তাপাড়ের শহরে। ওই মুহূর্তের সাক্ষী হতে বহু মানুষ ভিড় জমান জলপাইগুড়ি রোড স্টেশনে। ট্রেন ছাড়ার মুহূর্তটিকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে ছিল হুড়োহুড়ি। 

Advertisement

আপাতত সপ্তাহে একবারই চলবে ট্রেনটি। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে শিয়ালদহ থেকে। পরদিন দুপুর ১২টায় পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। আবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে প্রতি শনিবার রাত সাড়ে আটটায় ছাড়বে হামসফর এক্সপ্রেস। শিয়ালদহ পৌঁছবে পরদিন রবিবার সকাল ৮টা ১০ মিনিটে। চাহিদা দেখেই ট্রেনটি প্রতিদিন চালানোর ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম। তবে যাত্রা শুরুর দিনই যেভাবে সাড়া মিলেছে তা যথেষ্ট ভালো বলে দাবি তাঁর। ট্রেনটিতে বাতানুকূল কোচ বলতে শুধুমাত্র এসি থ্রি টায়ার। মোট ১৬টি এসি কোচ রয়েছে। স্লিপার কোচের সংখ্যা দু’টি। বাকি দু’টি পাওয়ার কোচ এবং একটি প্যান্ট্রি কার। শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত এসি কোচে ভাড়া ১০৫০ টাকা। স্লিপারে ভাড়া ৩৮৫ টাকা।
ট্রেনটির যাত্রা শুরু উপলক্ষ্যে জলপাইগুড়ি রোড স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল প্রথমে। আমেদাবাদে দুর্ঘটনার জেরে তা বাতিল হয়। এদিন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডিআরএম অমরজিৎ গৌতম পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা সূচনা করেন। প্রথমদিনেই ওই ট্রেনে চেপে বাড়ির পথে রওনা দেন জলপাইগুড়ি মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নীলাকাশ মণ্ডল। তিনি বলেন, জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে। প্রচুর পর্যটকও আসেন। জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার ট্রেনের খুবই দরকার ছিল। দেরিতে হলেও ট্রেন চালু হওয়ায়  তারা খুশি।
নতুন এই ট্রেন চালু হওয়ায় কিছুটা হলেও দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসের উপর চাপ কমবে বলে দাবি রেলের। যদিও ট্রেনটি দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসের রুটে চলবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ