Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রেজিনগরে প্রচার থেকে সরে গেলেন হুমায়ুন, নন্দীগ্রামে ‘নিখোঁজ’ সঞ্চিতা, দুই আসনে উপনির্বাচনে চড়ছে রাজনৈতিক উত্তাপ

বঙ্গের দুই উপনির্বাচনে প্রতিদিনই নতুন মোড়! নিত্যনতুন ঘটনা। প্রতীক পাওয়ার পর যখন জোরকদমে প্রচারে নামার কথা, ঠিক তখনই ভোটের প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

রেজিনগরে প্রচার থেকে সরে গেলেন  হুমায়ুন, নন্দীগ্রামে ‘নিখোঁজ’ সঞ্চিতা, দুই আসনে উপনির্বাচনে চড়ছে রাজনৈতিক উত্তাপ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম ও বহরমপুর: বঙ্গের দুই উপনির্বাচনে প্রতিদিনই নতুন মোড়! নিত্যনতুন ঘটনা। প্রতীক পাওয়ার পর যখন জোরকদমে প্রচারে নামার কথা, ঠিক তখনই ভোটের প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। অন্যদিকে নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে এলাকা থেকে কার্যত ‘উধাও’। ফোন বন্ধ। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, তত রাজনৈতিক উত্তাপ চড়চড়িয়ে বাড়ছে। রবিবার হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘পুলিশ সম্পূর্ণভাবে বিজেপির হয়ে কাজ করছে এবং আমাদের দলের নেতা-কর্মীদের একের পর এক গ্রেপ্তার ও হেনস্তা করে পুরো এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে।’ এমতাবস্থায় তিনি ঘোষণা করেন, ‘আমরা আর প্রচারই করব না। পুলিশ যা লুট করার করুক, সেই লুটের উত্তর আমরা ভোটের দিন দেব। তাতে যদি ১০টা খুন হতে হয়, তো হবে! আমাদের চারপাশ থেকে বিরক্ত করা হচ্ছে, শান্তিতে প্রচার করতে দিচ্ছে না। ভোটের দিন সরাসরি মোকাবিলায় নামব—যা হওয়ার হবে!’ 

Advertisement

এদিকে, রেজিনগর উপনির্বাচনে প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে তারকা প্রচারকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। প্রকাশিত তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ এবং কুণাল ঘোষ। একইসঙ্গে প্রচারে ঝড় তুলতে মমতা তৃণমূলের পক্ষ থেকে নামানো হচ্ছে একঝাঁক নতুন মুখকে। রবিউল আলম বলেন, ‘পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে।’
অন্যদিকে, প্রার্থীপদ প্রত্যাহার করার পর থেকে ‘উধাও’ নন্দীগ্রামে মমতা তৃণমূল কংগ্রেসের নেত্রী সঞ্চিতা প্রধান দে। স্বামী সুপ্রিয় দে এবং সঞ্চিতার মোবাইল বন্ধ। এলাকাতেও ‘খোঁজ’ নেই তাঁদের। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল গ্রামে সঞ্চিতার বাড়িতে যেতেই তাঁর দেওর সুজয় দে বলেন, ‘দাদা-বউদি কোথায় আছেন আমরা জানি না। যৌথ পরিবারে আমরা থাকি। ইলেক্ট্রিল বিল মেটানো হয়নি। এর মধ্যে বণ্টন সংস্থার লোকজন লাইন কাটতে এসেছিলেন। আপাতত তাঁদের বুঝিয়ে সেই কাজ আটকানো গিয়েছে। দাদা এবং বউদি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
বিরোধী দলের মধ্যে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি এদিন পার্টিকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার চালান। নন্দীগ্রাম বাইপাসে কংগ্রেসের পার্টি অফিসেও বেশ তৎপরতা। ব্লক সভাপতি শেখ আসরাফুতুল্লা জানান, আগামী ২৩ তারিখ থেকে রাজ্য ও সর্বভারতীয় নেতারা প্রচার শুরু করবেন।  প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্য বলেন, ভোটপ্রচারে প্রার্থী মিলন প্রধানকে আমরা সশরীরে পাচ্ছি না। তাই তাঁর ছবি ব্যবহার করব। প্রথম দেওয়াল লিখন তাঁর স্ত্রী অর্পিতা প্রধানকে দিয়েই করানো হবে। এদিন দাউদপুরে নির্বাচনি কার্যালয় খুলে প্রচারে শুরু করে দিয়েছেন জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাসিবুল।  বিরোধীদের দেখে পূর্ব মেদিনীপুর বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, এই ভোটে বিরোধীরা ছন্নছাড়া। আমাদের প্রার্থী হাসিরানি রথ এক লক্ষের বেশি মার্জিনে জয়ী হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ