মুম্বই: প্রতিটি মানুষের কল্যাণ সাধন করাই উন্নয়নের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জয়ন্তী উপলক্ষ্যে মহারাষ্ট্রের যাবতমলে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ভাগবত। সেখানে তিনি জানান, উন্নয়নের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের মধ্যে ব্যবধান যথাসম্ভব কমা হওয়া উচিত। সংঘ প্রধান জানান, দেশকে সুখী হতে হলে সমাজের একবারে প্রান্তিক মানুষটিকেও যথাসম্ভব সুখী হতে হবে। এই থেকেই ‘অন্ত্যোদয়’ ধারণাটি এসেছে। তাঁর মতে, সবাই উন্নয়নের সমান সুফল পায় না। তবে এই বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা উচিত। এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীর কথাও উল্লেখ করেন ভাগবত। তিনি জানান, গান্ধীজি বলেছিলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সমাজের একেবারের নীচুস্তরের মানুষের কথাও মাথায় রাখতে হবে।



