নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, তারকেশ্বর: পুজো শুরুর আগে নৈহাটি, ধনেখালি, হরিপালে উদ্ধার হল বিপুল নিষিদ্ধ বাজি। নৈহাটির দেবক গ্রাম থেকে সাড়ে ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল শিবদাসপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে বারাকপুর পুলিস কমিশনারেটের অন্তর্গত দেবক গ্রামের মসজিদ পাড়ায় এবাদত আলির বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিস। বাজি উদ্ধারের পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।
অন্যদিকে, ধনেখালি ও হরিপালে নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকালে ধনেখালি থানার মিরজানগরে অবৈধ আতশবাজি বন্ধে অভিযান চালায় পুলিস। ধনেখালি থানার মিরজানগরের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১০০ কেজি অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম ফিরোজ মণ্ডল। শুক্রবার দুপুরে হরিপাল থানার অন্তর্গত মালাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিস। বাজেয়াপ্ত হয় ৬ কুইন্টাল নিষিদ্ধ বাজি। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে হরিপাল থানার পুলিস। নিজস্ব চিত্র