কালীপুজোর শেষদিনেও জনজোয়ার বারাসতে, বিঘ্ন ঘটাতে পারল না বৃষ্টি
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাত বারোটা বাজলেই আলো বন্ধ করে দেওয়া হবে। আবার অপেক্ষা একবছরের। ফলে বুধবার রাতে শেষ মুহূর্তের আনন্দ ছেড়ে যেতে মন চাইছিল না কারও। তবে বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু উৎসবের আনন্দ কি বৃষ্টিতে কখনও আটকায়? ভিজতে ভিজতেই চলল শেষরাতে প্যান্ডেল দেখা। বুধবার রাতে বারাসত ও মধ্যমগ্রাম বুঝিয়ে দিল উৎসবের শেষ মুহূর্তে বৃষ্টিকে হারিয়ে দিয়েছে আবেগ।

Advertisement

বুধবার ছিল কালীপুজোর শেষ রাত, তার উপর ভাইফোঁটা। ফলে সন্ধ্যা গড়াতেই রাস্তায় মানুষের ঢল। সন্ধ্যায় শুরু হয়েছিল বৃষ্টি। কিন্তু তাতে পুজো দেখার উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। ছাতা মাথায়, রুমাল দিয়ে মাথা ঢেকে মণ্ডপে ঘুরতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। কারও ছাতায় টুপটাপ বৃষ্টির শব্দ, কারও পোশাক ভিজে একাকার। তবু পা থামেনি। জাতীয় সড়কের ধারের বড়ো বাজেটের পুজো থেকে শহরের অলিগলি, সর্বত্র মানুষের স্রোত। মণ্ডপে রঙিন আলোর ঝলকানি। তার সঙ্গে মিশেছে বৃষ্টির জল। কোথাও আলোর প্রতিফলন পড়েছে ভেজা রাস্তায়। পুরনো দিনের গানের সুর আর বৃষ্টির টুপটাপ শব্দ মিশে তৈরি করেছে অনন্য পরিবেশ। ভিড়ের মধ্যে চলেছে ছবি তোলার প্রতিযোগিতা। কেউ এক হাতে ছাতা ধরে অন্য হাতে মোবাইলে ছবি তুলেছেন। কেউ আবার বৃষ্টি থেকে ফোন বাঁচাতে ব্যস্ত। তবু শেষরাতের কোনো দৃশ্যই হাতছাড়া করতে চাননি সবাই। সবাই জানেন, কিছুক্ষণ পর এই আলো থাকবে না, মণ্ডপের সামনে এমন জনসমুদ্রও দেখা যাবে না। বৃষ্টিও হয়ত থেমে যাবে। তাই ভিজে যাওয়ার পরোয়া না করেই শেষ মুহূর্ত স্মৃতিতে ধরে রাখতে চাইছিলেন সকলে। 
ভিড়ের মধ্যে দর্শনার্থীদের মুখে শোনা গেল ‘মা এ রাত যেন তাড়াতাড়ি শেষ না হয়।’ তবে একদিকে আকাশ থেকে নামা বৃষ্টি, অন্যদিকে আলো নিভে যাওয়ার অপেক্ষা। যে রাতের জন্য এত অপেক্ষা, সেই রাত ফুরিয়ে এল বলে। যে আলোয় এতদিন শহর সেজেছিল, সেই আলোই এবার বিদায় নিতে চলেছে। বৃষ্টিভেজা শেষরাতে তাই আনন্দের পাশাপাশি বাতাসে মিশেছিল মনখারাপ। শেষবেলায় ভিড় সামলাতে তৎপর ছিল পুলিশ। বুধবার রাত ১২টায় বারাসত-মধ্যমগ্রামের কালীপুজোর মণ্ডপের আলো নেভানো হয়। অবশেষে আগামী বছরের আশা জাগিয়ে বিদায় নিল উৎসব।  নিজস্ব চিত্র