বাঁশবেড়িয়ায় তুমুল ভিড়, ধুমো কার্তিকের পুজোয় জিলিপি প্রসাদ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: ঐতিহাসিক কার্তিক পুজো দেখতে হুগলি সহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এসেছেন বাঁশবেড়িয়ায়। বুধবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চোখে পড়েছে ভিড়। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির, পানীয় জল সহ সমস্ত আয়োজন করা হয়েছে।

Advertisement

বাঁশবেড়িয়ার একেক জায়গায় একেক নাম কার্তিকের। তার মধ্যে বিখ্যাত হল রাজা কার্তিক, ধুমো কার্তিক, জ্যাংড়া কার্তিক, ষড়ানন, সিপাহি কার্তিক বা আদি কার্তিক, ধেড়ে কার্তিক, অর্জুন কার্তিক, জামাই কার্তিক, মাচা কার্তিক ইত্যাদি। মূলত এইসব পুজো মণ্ডপেই ভিড় জমিয়েছেন মানুষ। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এসেছেন পুজো দেখতে। বাঁশবেড়িয়া পুজো কমিটির অন্তর্গত সাহাগঞ্জ যুব গোষ্ঠীর ধুমো কার্তিকের পুজোয় রয়েছে নানা রীতি। ষোড়শ শতকের মধ্যভাগে শুরু হয়েছিল এই পুজো। এখানে কার্তিক খাটো ধুতি ও নামাবলি গায়ে পূজিত হন। পুজোর প্রসাদ জিলিপি। এক-একটি জিলিপির ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়ে থাকে। পুজো কমিটির কোষাধ্যক্ষ সুদীপ্ত নাগ বলেন, এই দেবতা খুবই জাগ্রত। অনেকেই মানত করে প্রতি বছর পুজো দেন। বিশেষত্ব হল, পুজোর দিন প্রতিমা তৈরি করা হয়। এক সময় আগে থেকে প্রতিমা তৈরির চেষ্টা করা হলেও বারে বারে তা বাধাপ্রাপ্ত হয়েছে। তাই আগে থেকে নয়, পুজোর প্রাক-মুহূর্তে তৈরি হয় এই প্রতিমা। বিসর্জনের সময় কার্তিককে রাজবেশে সাজানো হয়।
বাঁশবেড়িয়া বেলতলা রেনেসাঁ সংঘের কার্তিক পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করল। বাঁশের তৈরি ফুলে বিভিন্ন নকশায় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। পুজো মণ্ডপে এদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথা অনুযায়ী, এখানে শুধুমাত্র কার্তিক পুজো নয়, পাশাপাশি একাধিক বারোয়ারি মণ্ডপে হয় বিভিন্ন দেবদেবীর পুজো। বাঁশবেড়িয়া নবভারতী সংঘের নটরাজ পুজো এ বছর ৭৩ তম বর্ষে পদার্পণ করেছে। বঙ্গভূমির যেসব বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছেন, মূলত তাঁদের সম্মান জানানো হয়েছে থিমের মাধ্যমে। বিপ্লবীদের ইতিহাস বর্ণিত হয়েছে শিল্পের মাধ্যমে। বাঁশ, কাঠ, টিন, লোহা, তার, নেট সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। এখানে নটরাজ মূর্তি গড়ে শিবের আরাধনা হয়।