সংবাদদাতা, সিউড়ি: ঈদের আগে জমে উঠেছে সিউড়ি সহ আশপাশের বিভিন্ন শহরাঞ্চল এলাকার বাজার। এবারের ঈদে পুরুষদের পাঞ্জাবি, কুর্তা, শেরওয়ানির পাশাপাশি মহিলাদের পোশাকে নজর কাড়বে লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি। হাতে মাত্র আর ক’টা দিন বাকি। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র খুশির ঈদ। তাই তার আগে রমজান মাসে রোজার উপবাসের পাশাপাশি নতুন পোশাকের কেনাকাটাতেও মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ক্রেতা টানতে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর সহ জেলার বিভিন্ন শহরের শপিং মলগুলিতে শুরু হয়েছে আকর্ষণীয় অফার। রবিবার ছুটির দিনে এই সব শপিং মল থেকে সাধারণ ছোট কাপড়ের দোকানগুলিতে উপচে পড়েছিল মানুষের ভিড়। সিউড়ি মসজিদ মোড়, টিনবাজার, মাদ্রাসা রোড, বাসস্ট্যান্ড, জেলা স্কুল মোড়, কোর্টবাজার মার্কেট সহ একাধিক জায়গায় কাপড়ের দোকান থেকে অন্যান্য দোকানগুলিতে দেখা গিয়েছে মানুষের ভিড়। তাছাড়া ঈদ হোক বা পুজোর মরশুম, সিউড়িতে কোর্টবাজারের কাপড়ের বাজার সিউড়ি সহ আশপাশের বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষের কাছে একটি অন্যতম আকর্ষণ। সিউড়ি-২ ব্লকের হারায়পুর, গোপালপুর, ঈন্দ্রগাছা, পুরন্দপুর, জুনিদপুর, কুখুডিহি, আলুন্দা, শেওড়াকুড়ি, মহম্মদবাজার, পাথরচাপুড়ি সহ বিভিন্ন গ্রামের মানুষ ঈদের কেনাকাটায় আসছেন সিউড়ি শহরের বাজারগুলিতে। ঈদের আগে প্রতিবছরই এই কোর্টবাজার কাপড়ের দোকানের মালিকরা বিপুল পরিমাণ জামা-কাপড়ের সম্ভার নিয়ে আসেন। এবার তেমনই প্রস্তুতি নিয়েছেন বলে জানা গিয়েছে। সিউড়ির আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ সকাল থেকেই সেখানে জামা-কাপড় কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছেন। দু’-দিন নিম্নচাপের কারণে বাজার কিছুটা ফাঁকা থাকলেও ফের রবিবার থেকে বাজারে ভিড় শুরু হয়েছে।



