সংবাদদাতা, রঘুনাথপুর: বিজেপি কচুপাতা। উপর থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে চুলকানিতে ভরা। তাই তাঁদের কথায় বিশ্বাস করবেন না। রাজ্যের প্রকৃত উন্নয়নের কান্ডারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি গ্রাম থেকে শহর, অলি-গলিতে উন্নয়নের কাজ করে চলেছেন। শিশু থেকে বৃদ্ধ, মহিলা থেকে পুরুষ সবার জন্য হরেক প্রকল্প দিয়েছেন। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন হচ্ছে। শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব দলের কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এসব কথাই বলেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে এদিন রঘুনাথপুর-১ ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে কর্মিসভা হয়। রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির নিজস্ব পঞ্চায়েত খাজুরার মধুতটি লাইব্রেরি ময়দানে এই কর্মিসভা হয়। এই সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা যুব সভাপতি গৌরব সিং, জেলা সহ -সভাপতি হাজারি বাউরি, রঘুনাথপুর- ১ নম্বর ব্লক সভাপতি প্রকাশ সিংদেও উপস্থিত ছিলেন। অন্যদিকে, তৃণমূলের উন্নয়ন ও কাজে অনুপ্রাণিত হয়ে এদিনের কর্মিসভায় বেড়ো পঞ্চায়েতের লালুরডি বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শক্তি বাউরি ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।



