Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে মনসা পুজোয় ব্যাপক ভিড়

খড়্গপুরে মনসা পুজোয় ব্যাপক ভিড়
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের খড়িদা মন্দিরতলা মনসা মন্দির কমিটির উদ্যোগে পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। এবছর তাদের পুজো ২৫বছরে পড়ল। বুধবার পুজোর উদ্বোধন করেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ। বৃহস্পতিবার পুজোয় ভক্তদের সমাগম ছিল নজরকাড়া। পুজো উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির সদস্যরা জানাচ্ছেন, শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ভোগপ্রসাদের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির সম্পাদক রাজা সরকার বলেন, এবছর পুজোয় রেকর্ড ভিড় হয়েছে। সকলের সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব ছিল না। জানা গিয়েছে, প্রায় ৫০ বছর আগে এলাকার পুকুরের পাশেই মনসা মায়ের মূর্তি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেইসময় থেকেই পুজো শুরু হয়। ২৫ বছর আগে এলাকার বাসিন্দারা মনসা মন্দির স্থাপন করেন। সেই সময় থেকেই মন্দির কমিটি গড়ে ওঠে। মন্দির কমিটির সভাপতি শম্ভু গঙ্গোপাধ্যায় ও কোষাধ্যক্ষ বরুণ ঘোষ বলেন, মা মনসা অত্যন্ত জাগ্রত। দূর দূরান্তের মানুষ এই মন্দিরে আসে। এলাকার মানুষ নিষ্ঠা সহকারে পুজোয় অংশ নেয়। পুজো উপলক্ষ্যে এলাকা সেজে উঠেছে। পুজোর জৌলুস দিন দিন বাড়ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবার কাজে এগিয়ে আসে এই পুজো কমিটি। তাদের উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান করা হয়। এছাড়াও এলাকার কয়েকজন দুঃস্থ পড়ুয়াকে বই-খাতা কিনে দেন সদস্যরা। করোনা পরিস্থিতির সময় দুঃস্থ বাসিন্দাদের টানা ৬৩দিন খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এরফলে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। মন্দির কমিটির অন্যতম সদস্য বিকাশ মান্না ও সুমন সিং বলেন, মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। কেউ বিপদে পড়লে মন্দির কমিটির সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। এলাকার প্রত্যেকে একযোগে শিব ও দুর্গাপুজোর আয়োজনও করেন। একইসঙ্গে খেলাধুলোর ক্ষেত্রেও স্কুলপড়ুয়াদের উৎসাহ দেওয়া হয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ