Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের বিপুল শব্দবাজি উদ্ধার বাঁকুড়া শহরে, গ্রেফতার ১২, পুজোর মরশুমে জেলায় বাজেয়াপ্ত ২৪০০কেজি বাজি

বাঁকুড়া শহরে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ

ফের বিপুল শব্দবাজি উদ্ধার বাঁকুড়া শহরে, গ্রেফতার ১২, পুজোর মরশুমে জেলায় বাজেয়াপ্ত ২৪০০কেজি বাজি
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহরে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। সদর থানার পুলিশ সম্প্রতি শহরের সতীঘাট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ওই বাজি বাজেয়াপ্ত করে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সিদ্ধার্থ দোর্জি বলেন, সদর থানা সম্প্রতি বেশ কয়েক কু‌ইন্টাল বাজি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে বিভিন্ন ধরনের বেআইনি শব্দবাজি রয়েছে। চলতি পুজোর মরশুমে এখনও পর্যন্ত আমরা ২৪০০ কিলোগ্রাম শব্দবাজি আটক করেছি। ১৫টি মামলা রুজু হয়েছে। নিষিদ্ধ শব্দবাজি মজুত ও বিক্রি করার অভিযোগে ১২জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, প্রতিবছরই শব্দবাজির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। তারপরেও বাঁকুড়ায় বাজি ফাটা নিয়ন্ত্রণে আনা যায় না। এবার অবশ্য পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। কীভাবে এই সাফল্য মিলল? প্রশ্নের উত্তরে এক পুলিশ আধিকারিক বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলেই আমরা বাজি ফাটার বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। জেলার বিভিন্ন থানা এলাকার রাস্তায় সারাবছর কমবেশি নাকা চেকিং হয়। কিছু স্থায়ী নাকা চেক পয়েন্ট রয়েছে। পাশাপাশি, টহলদারি ভ্যান দাঁড় করিয়েও রাস্তায় যানবাহন চেকিং করা হয়। পুজোর মরশুমে আমরা শব্দবাজি আমদানির উপর কড়া নজর রেখেছি। জেলায় যাতে শব্দবাজি নিয়ে কেউ ঢুকতে না পারে, তার জন্য সীমানাঘেঁষা এলাকায় রাস্তার উপর নাকা পয়েন্টগুলিকে সতর্ক করা হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, সোনামুখী থানা এলাকায় বড় বাজার রয়েছে। ফলে ওইসব শহরে ঢোকা যানবাহনগুলির উপরেও নজর রাখা হবে। তিনি আরও বলেন, কেউ নিষিদ্ধ শব্দবাজি বিক্রি বা মজুত করলে তাকে গ্রেফতার করা হবে। কোনও অজুহাত শোনা হবে না। নির্দিষ্ট খবরের ভিত্তিতে আগামী দিনে দোকানগুলিতে আরও বেশি করে অভিযান চালানো হবে। তবে, কালীপুজোয় আতসবাজি বেশি পোড়ানো হয়। ফলে কালীপুজোর আগে নজরদারির আওতায় আতসবাজি বিক্রির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাঁকুড়ায় শব্দবাজির দাপট লক্ষ্য করা গিয়েছে। এবারেও মহালয়া ও দুর্গাপুজোয় জেলার বিভিন্ন জায়গায় বাজি ফেটেছে। তবে তা মাত্রাছাড়া ছিল না। দীপাবলিতে বাঁকুড়া শহর সহ জেলার বিভিন্ন জায়গায় বাজি ফাটবে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে জেলায় বাজি আমদানি ও বিক্রি বন্ধ করা গেলে পটকা ফাটা নিয়ন্ত্রণ করা যাবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। পুলিশ এবার অনেক আগে থেকে ব্যবস্থা নেওয়ায় সমস্যার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। তবে দীপাবলি তথা কালীপুজো পার না হওয়া পর্যন্ত বাঁকুড়াবাসী এব্যাপারে নিশ্চিত হতে পারছেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ