দুই বিমানযাত্রীর থেকে বিপুল ডলার বাজেয়াপ্ত
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ককগামী দুই বিমান যাত্রীর হাত ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে ১ কোটি টাকা। ওই বিপুল পরিমাণ টাকা ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যাত্রীরা। কিন্তু সিআইএসএফ জওয়ানদের নজরদারিতে তা ধরা পড়ে যায়। এই বিপুল পরিমাণ টাকা সংক্রান্ত কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি ওই দুই যাত্রী। তাঁদের আটক করা হয়েছে। ওই দুই যাত্রী ভুটান এয়ারলাইন্সের বি-৩৭০০ বিমানের টিকিট কেটেছিলেন। আন্তর্জাতিক টার্মিনাল দিয়ে যাওয়ার সময় ‘সিকিউরিটি চেক-ইন’-এ ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক জিনিস দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। পরবর্তীতে ব্যাগগুলি তল্লাশি করার সময় দেখা যায়, ব্যাগের ভিতরে গোপন খাপ তৈরি করে খবরের কাগজে মুড়িয়ে মার্কিন ডনার লুকিয়ে রাখা হয়েছে। এক যাত্রীর ব্যাগ থেকে ৭৪,৯০০ মার্কিন ডলার এবং অন্য যাত্রীর ব্যাগ থেকে ৪৫,০০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরের ইন্টেলিজেন্স ইউনিট আইনি পদপেক্ষ শুরু করেছে। সব মিলিয়ে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মূল্যে ১.১০ কোটি টাকা। ওই দুই যাত্রী এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, কী উদ্দেশ্যে যাচ্ছিলেন, তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement