সংবাদদাতা, নাগরাকাটা: মেটেলি ব্লকের দু’টি এলাকায় হাতির হামলায় ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দু’টি এলাকাতেই আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার রাত ২টো নাগাদ সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে একটি হাতি চলে আসে ব্লকের কিলকোট চা বাগানে। হাতিটি বাগানের কুঞ্জ লাইনের আমান ওরাওঁ, সাহিল ওরাওঁ, করণ মুন্ডা ও রজনী ওরাওঁয়ের ঘর ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে চলে যায় মহাবাড়ি দেওপানি বস্তিতে। সেখানেও হাতিটি দু’টি ঘর ভাঙে। খবর পেয়ে শনিবার সকাল ১০টা নাগাদ বনকর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন। অন্যদিকে এদিন ভোরে নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের লালঝামেলা বস্তিতে হাতির হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



