সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার রাত ৩টে নাগাদ মেটেলি ব্লকের বাতাবাড়ির খড়পাড়ায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। রাতে হাতি গ্রামে ঢোকায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী খড়িয়ারবন্দর জঙ্গল থেকে একটি হাতি চলে আসে খড়পাড়ায়। হাতিটি তরণী রায়ের বাড়ির বাঁশের বেড়া ভেঙে দেয়। টের পেয়ে ঘরের পিছনের দরজা খুলে পালিয়ে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা। এরপরই স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে বিকেলে বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে যান। আবেদন করলে ক্ষতিপূরণ পরিবারটি পাবে বলে জানিয়ে যান বনকর্মীরা।



