সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার রাতে মাদারিহাট শহরে ঢুকে পড়ল একটি হাতি। প্রধাননগর এলাকায় গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের দলছুট একটি হাতি পরপর চারটি ঘর গুঁড়িয়ে দেয়। হাতির হামলায় ঘর ভেঙেছে অশ্বিনী দাস, সুখেন দাস, পূর্ণিমা সরকার দাস এবং অসীম দাসের। এর মধ্যে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে সুখেনবাবু ও পূর্ণিমাদেবীর ঘর। হাতিটি সবার ঘরের চাল, ডাল, আটা খেয়ে সাবাড় করেছে। ঘর ভাঙার পাশাপাশি হাতিটি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বিছানাপত্র ও আসবাবপত্র তছনচ করে ফেলে। দুই বাসিন্দা সুখেনবাবু এবং পূর্ণিমাদেবীর কার্যত পরিবার নিয়ে প্রায় খোলা আকাশের নীচেই থাকার অবস্থা তৈরি হয়েছে। রাতেই বনকর্মীরা গিয়ে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন।
Advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতিরা এখন ছোট ছোট দলে ভাগ হয়ে মাদারিহাটের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে। ফলে হাতি তাড়াতে খুবই সমস্যায় পড়ছেন বনকর্মীরা। তাঁরা একটি এলাকায় হাতি তাড়াতে গেলে অন্য হাতি অন্য এলাকায় ঢুকে পড়ছে। মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় বলেন, সেই জন্যই তো হাতি তাড়াতে সমস্যা হচ্ছে আমাদের। প্রধাননগরের ক্ষতিগ্রস্ত চার বাসিন্দা আবেদন করলে সরকারিভাবে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। - নিজস্ব চিত্র।



