সংবাদদাতা, আলিপুরদুয়ার: চিতাপাতা জঙ্গলে হাতির হামলায় মৃত তিন মহিলার ময়নাতদন্তের পর শুক্রবার তাঁদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। বনদপ্তর জানিয়েছে, মৃতরা হলেন সুখরামণি লোহার (৫৫), রেখা বর্মন (৫০) এবং চান্দামণি ওরাওঁ (৬০)। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাধব বর্মন বলেন, মৃতদের পরিবার এতটাই গরিব যে হাসপাতাল থেকে দেহ আনারও ক্ষমতা নেই তাঁদের। তাই বনদপ্তরই মৃতদেহ আনা ও সৎকারের খরচ দিয়েছে। সন্ধ্যায় বুড়ি বাসরা নদীর ধারে শ্মশানে মৃতদেহগুলির সৎকার করা হয়। উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের জঙ্গলে বৃহস্পতিবার জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় ওই তিন মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও এক মহিলা। হাতির হামলায় তাঁর হাত-পা ভেঙে যায়। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। মৃতরা সকলেই কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। জখমও একই গ্রামের বাসিন্দা।



