Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতিয়ার গুগল ম্যাপ, বিহারে বসে ইংলিশবাজারের ফ্ল্যাটে চুরির ছক

হাতিয়ার গুগল ম্যাপ, বিহারে বসে ইংলিশবাজারের ফ্ল্যাটে চুরির ছক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: গুগল ম্যাপ দেখে টার্গেট ঠিক করছে দুষ্কৃতীরা! এক্ষেত্রে নিখুঁত অপারেশন চালাতে দূরত্ব কোনও বাধা হচ্ছে না তাদের কাছে। বিহারের সুলতানগঞ্জে বসে গুগল ম্যাপ দেখে চিহ্নিত করা হচ্ছে ইংলিশবাজারের ফ্ল্যাট ও বাড়ি। এরপর নানা পন্থা অবলম্বন করে শুরু হচ্ছে রেইকি। তারপর সুযোগ বুঝে অপারেশন। পাঁচ থেকে দশ মিনিটেই হাত সাফাই করে ফিরে যাচ্ছে নিজেদের ডেরায়। ইংলিশবাজারে একের পর এক চুরির ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। এই ঘটনায় বিহারের সুলতানগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
Advertisement
মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, চুরির ঘটনায় একটি গ্যাংকে চিহ্নিত করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও খুঁজে বের করা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ইংলিশবাজার থানা সংলগ্ন এলাকায় একটি আবাসনে একসঙ্গে তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। আবাসনের সিসি ক্যামেরা থেকে চুরির ঘটনার ফুটেজ হাতে পায় পুলিস। পাশাপাশি নিজেদের বিশ্বস্ত কিছু সূত্রকে কাজে লাগিয়ে তদন্তে নামে ইংলিশবাজার থানা। তদন্তে নেমে পুলিস জানতে পারে বিহারের সুলতানগঞ্জের আলমগঞ্জ এলাকায় বসে চুরির ছক কষছে বছর বাইশের এক যুবক। এই তথ্য হাতে আসতেই বিহার পাড়ি দেয় মালদহ পুলিসের বিশেষ টিম। 
বাড়ি থেকে মহম্মদ কাইফ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। জেরায় ধৃত জানায় চুরির সামগ্রী সে সুলতানগঞ্জের অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করত। ধৃতের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। প্রাসাদোপম বাড়ির মালিক মালদহে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী কিনে থাকে বলে জানতে পেরেছে পুলিস। 
এদিকে কাইফকে গ্রেপ্তার করে মালদহে নিয়ে আসে পুলিস। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে ইংলিশবাজার থানা।  
গত এক সপ্তাহ ধরে শহরে আরও অনেক চুরির ঘটনা ঘটেছে। ২৪ নম্বর ওয়ার্ডে একসঙ্গে তিনটি বাড়ি থেকে জলের পাম্প সহ অন্যান্য বেশকিছু সামগ্রী চুরি হয়। তাছাড়া শহরের উত্তর সিঙ্গাতলায় দু’দিন আগে একটি বাড়িতে বাসন বিক্রি করতে আসে দুই যুবক। বাড়িতে সেই সময় কোনও পুরুষ ছিল না। তারা বাসন বিক্রি করে চলে যাওয়ার পর দেখা যায় জলের পাম্প উধাও। বেলতলা এলাকাতেও একটি বাড়ি থেকে পাম্প চুরি হয়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইংলিশবাজার শহর জুড়ে একের পর এক চুরির ঘটনার সঙ্গে এই সুলতানগঞ্জ গ্যাংয়ের যোগ রয়েছে। ধৃত যুবকের কাছ থেকে জলের পাম্প, এসির পাইপ সহ চুরি যাওয়া বেশকিছু জিনিস উদ্ধার হয়েছে। এই সুলতানগঞ্জ গ্যাং সাঁড়াশির মতো একটি বিশেষ ধরনের  ‘লক কাটার’ ব্যবহার করে নিমেষে কেটে ফেলছে যে কোনও ধরনের তালা।
সম্পর্কিত সংবাদ