Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাত-পা বাঁধা অবস্থায় পুড়ে মৃত্যু বৃদ্ধার, সুতাহাটায় খুনের অভিযোগে ধৃত পুত্রবধূ

হাত-পা বাঁধা অবস্থায় পুড়ে মৃত্যু বৃদ্ধার, সুতাহাটায় খুনের অভিযোগে ধৃত পুত্রবধূ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: সুতাহাটার হোড়াখালি গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুরে হাত পা বাঁধা এক অশীতিপর বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ওই বৃদ্ধাকে উদ্ধারের পর হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধাকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম রাজুবালা দাস (৮৮)। শনিবার বিকেল নাগাদ ওই বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিস। রবিবার মৃত বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয়েছে। ওই ঘটনায় বৃদ্ধার বউমার বিরুদ্ধে তার শাশুড়িকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে। বউমার সঙ্গে শাশুড়ির বনিবনা হতো না, পারিবারিক অশান্তি হতো বলে স্থানীয়দের অভিযোগ। তার জেরে এমন নৃশংস ঘটনা বলে অনুমান এলাকাবাসীর। সুতাহাটা থানার ওসি সৌমিত্র ঘোষ বলেন, এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিস বৃদ্ধার বউমা পুতুলরানি দাসকে গ্রেপ্তার করেছে। তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে চারদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। পুলিস বউমাকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে, ঘটনার আগেই বউমাও পুলিসের কাছে তার উপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে বলে অভিযোগ করেছে। বৃদ্ধার নৃশংস মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ বৃদ্ধার টালির বাড়ির ভিতরে আগুন ও বাজি ফাটার শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। ওইসময় বৃদ্ধা যে ঘরে ছিলেন, তার দরজা বন্ধ করা ছিল বাইরে থেকে। দরজা খুলে ঘরে ঢুকে সবাই চমকে যায়। কাঠের তক্তাপোষের তলায় বৃদ্ধাকে হাত পা বাঁধা অবস্থায় আগুনে পুড়তে দেখেন সবাই। আগুনের মধ্যে পটকাবাজি দেওয়া ছিল। সেগুলি সশব্দে ফাটতে দেখে সবাই। বৃদ্ধার দেহ কুণ্ডলীপাকানো অবস্থায় ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বৃদ্ধার প্রতিবেশী সন্দীপ দাস, আত্মীয়  চিন্ময় দাস বলেন, একটি বাচ্চা মেয়ে ওই বাড়ির পাশ থেকে চিৎকার করছিল আগুন লেগেছে বলে। তখনই সবাই ছুটে আসি। ওই সময় পটকা ফাটছিল। ওই বাড়িতে গিয়ে বৃদ্ধাকে হাত পা বাঁধা অগ্নিদগ্ধ অবস্থায় দেখি। জানা গিয়েছে, বৃদ্ধা এদিন সকালেই পাশেই মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছিলেন। বউমার সঙ্গে বনিবনা হতো না বলে বেশিরভাগ মেয়ের কাছেই থাকতেন। অভিযোগ, এদিন বাড়ি ফেরার পর বৃদ্ধার বিছানায় জল ঢেলে দিয়েছিল তাঁর বউমা। তা নিয়ে বৃদ্ধা তাঁর ছেলে ও মেয়ের কাছে আক্ষেপও করেন।  বৃদ্ধার মেয়ে প্রতিমা দাস অভিযোগ করেন, এদিন বিকেলে একা পেয়ে তাঁর মা›কে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে। বৃদ্ধার বউমাই একাজ করেছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, এদিন সকালে আমার মাকে বাড়ি পৌঁছে দিয়ে যাই। ওইসময় ওই বউমা ঝামেলা করছিল। পরে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। 
পরে জানতে পারি, সে পুলিসের কাছে অভিযোগ করতে গিয়েছিল। দুপুরে মা›কে রান্না করে খাইয়ে গিয়েছিলাম। ওইসময় আমার ভাইও ছিল বাড়িতে। দুপুরে খাওয়াদাওয়ার পর ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই সময়ে একা পেয়ে মা›কে পুড়িয়ে খুন করা হয়েছে। পরে খবর পেয়ে এসে মা›কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করি। ঘটনার পরই গা ঢাকা দেয় বউমা। রবিবার সকালে তাকে পুলিস গ্রেপ্তার করে। বৃদ্ধার মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে। তাঁকে আগে শ্বাসরোধ করে খুন করে আগুন লাগানো হয়েছিল না জীবন্ত দগ্ধ করা হয়েছে, তা নিয়ে ধন্দ রয়েছে। পুলিস ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় রহস্য রয়েছে। আরও কেউ যুক্ত কি না তদন্ত করে দেখছে পুলিস।
সম্পর্কিত সংবাদ