সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালালেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়। এদিন সকালের দিকে কামাখ্যাগুড়িতে আসেন তিনি। এসডিও’র সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি আধিকারিক ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। এদিন মহকুমা শাসক বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখেন। বেশকিছু হোটেল ও মিষ্টি ব্যবসায়ীদের সতর্কও করেন তিনি। অভিযোগ, তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্ন সহ অন্যান্য সরকারি নিয়ম মানছেন না।
Advertisement
এদিকে, কামাখ্যাগুড়ি বাজারেও যান তিনি। সব্জি, মাছ, মাংস সহ অন্যান্য জিনিসপত্রের দাম ঠিকঠাক রয়েছে কি না, এদিন তিনি তা খতিয়ে দেখেন। এছাড়াও এদিন কামাখ্যাগুড়িতে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। মহকুমা শাসক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসায়ীদের ব্যবসা করতে বলা হয়েছে। একইসঙ্গে মাছ, মাংস ও সব্জি বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে, যেন তাঁরা ক্রেতাদের থেকে বেশি দাম না নেন।



