Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতি-হত্যায় তিন বছরের কারাদণ্ড

হাতি-হত্যায় তিন বছরের কারাদণ্ড
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৈদ্যুতিক তারে জড়িয়ে আস্ত একটি পূর্ণবয়স্ক হাতিকে হত্যা করার অপরাধে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালত সন্দীপ রায় নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, তিন বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আদালত সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও পাঁচ মাসের জেলের নির্দেশ দিয়েছে আদালত। আলিপুরদুয়ার সিজেএম আদালতের সহকারী সরকারি আইনজীবী মদনগোপাল সরকার বলেন, ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আদালত সন্দীপ রায় নামে ওই ব্যক্তিকে এই সাজা দিয়েছে।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ২১ মার্চ শামুকতলা থানার দুর্গম শিলটং বনবস্তি এলাকার একটি কলাবাগানে পূর্ণবয়স্ক একটি স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির দেহ উদ্ধার করেন। বনকর্মীরা ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও বিদ্যুতের অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করেন। ওই দিনেই বনকর্মীরা জমির মালিক সন্দীপ রায়কে গ্রেপ্তার করেন। পরে ময়নাতদন্তের রিপোর্টেও হাতিটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেই মারা যায় বলে প্রমাণ মেলে। সেই মতো সন্দীপের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে বনদপ্তর। দীর্ঘদিন শুনানীর পর বৃহস্পতিবার আদালত এই সাজা ঘোষণা করে। ওয়াকিবহাল মহলের মতে, অনেকে বন্যজন্তুর হাত থেকে ফসল বাঁচাতে খেতের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। এতে অনেক সময় বন্যজন্তুর মৃত্যু পর্যন্ত হয়। বিষয়টি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এনিয়ে বনদপ্তরের উচিত মানুষকে আরও বেশি করে সচেতন করা।
সম্পর্কিত সংবাদ