সংবাদদাতা, কুমারগ্রাম: বদলি করা হল বনদপ্তরের কুমারগ্রামের রেঞ্জ অফিসার রানা গুহকে। তাঁকে হাতিপোঁতা রেঞ্জে পাঠানো হয়েছে। ভল্কার রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুমারগ্রামের কাজকর্ম দেখাশোনা করবেন। বুধবার বনদপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন সকালে কুমারগ্রাম রেঞ্জ অফিসে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রভাতকুমার বর্মন। উল্লেখ্য, মঙ্গলবার কুমারগ্রামের রেঞ্জ অফিসারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্তা ও হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল কুমারগ্রাম নাগরিক মঞ্চ। রেঞ্জ অফিসারের বদলির দাবি তোলা হয়। এই ঘটনার পর বনদপ্তর রেঞ্জ অফিসারকে বদলি করায় খুশি নাগরিক মঞ্চের সদস্যরা।



