Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতি উপদ্রুত গ্রাম, জঙ্গলের মাঝে এক লক্ষ ফলের গাছ লাগাবে শিলিগুড়ি মহকুমা পরিষদ

হাতি উপদ্রুত গ্রাম, জঙ্গলের মাঝে এক লক্ষ ফলের গাছ লাগাবে শিলিগুড়ি মহকুমা পরিষদ
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকায় হাতির হানা রুখতে এবার বনাঞ্চল সংলগ্নস্থানে ফলের গাছ রোপণ করবে পরিষদ। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মঙ্গলবার এ কথা জানান। একইসঙ্গে হাতি উপদ্রুত এলাকা চিহ্নিত করে পথবাতির ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন সভাধিপতি। 
Advertisement
মঙ্গলবার নকশালবাড়ি ব্লকের পাহাড়গুমিয়া চা বাগানের দমদমায় আসেন অরুণবাবু। সোমবার হাতির হামলায় মৃত্যু হয় বিজয় নাগ নামে স্থানীয় এক ব্যক্তির। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি বাগানে শৌচকাজ করতে গিয়েছিলেন। দলছুট দাঁতালের হামলায় তাঁর মৃত্যু হয়। 
মৃতের ভাই সুমিত নাগের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে ঘরের কাঁচা শৌচাগারে গোখরো সাপের উপদ্রব শুরু হয়েছে। এজন্য দাদা চা বাগানে শৌচকাজ করতে যান। এরপর এমন ঘটনা, মানতেই পারছি না আমরা। দাদা বিজয়নগর চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। সংসারের খরচ দাদাই চালাতেন। আমরা এখন অথৈ জলে। 
যদিও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা ও একজন সদস্যকে ফরেস্ট ভলান্টিয়ারে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন সভাধিপতি সহ শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ ও নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিরাজ সরকার মৃতের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 
উল্লেখ্য, ধান কাটা শুরু হতেই মহকুমার অন্তর্গত বাগডোগরা ও উত্তমচন্দ ছাট বনাঞ্চলে প্রায় ১৫০ হাতির দল ঘাঁটি গেড়েছে। গত কয়েক মাসে কার্শিয়াং ডিভিশনের অধীন বিভিন্ন এলাকায় হাতির হানায় আটজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে কয়েকশো বিঘা ধান সহ একাধিক ঘরবাড়ি ক্ষতি হয়েছে। এ জন্য প্রায় ৫০ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ বাবদ ব্যয় হতে পারে বলে জানিয়েছে বনবিভাগ। 
পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, হাতিকে জঙ্গলে আটকে রাখতে ফলের গাছ লাগানোর ব্যাপারে বনবিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। ভোরে ও রাতে হাতি উপদ্রুত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছি। কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, হাতিকে জঙ্গলে সীমাবদ্ধ রাখতে ধাপে ধাপে প্রায় এক লক্ষ ফলের গাছ রোপণের উদ্যোগ শিলিগুড়ি মহকুমা পরিষদ নিয়েছে। আমরা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
দমদমায় হাতির হামলায় মৃতের বাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। - নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ