Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতি দেখতে ভিড়ে রাশ টানা যাচ্ছে না, দাঁতনে হাতির হানায় প্রাণ হারালেন বৃদ্ধ

হাতি দেখতে ভিড়ে রাশ টানা যাচ্ছে না, দাঁতনে হাতির হানায় প্রাণ হারালেন বৃদ্ধ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বেলদা: বনদপ্তরের প্রচার সত্ত্বেও গ্রামে হাতি ঢুকলেই তা দেখতে ভিড় জমাচ্ছেন অত্যুৎসাহী জনতা। রবিবার সকালে দাঁতন থানার সুবর্ণরেখা নদী-তীরবর্তী মোয়ারুই গ্রামে এভাবেই প্রাণ হারালেন রাম মুর্মু(৭৩)। তাঁর বাড়ি ললিতাপুর গ্রামে। এঘটনায় আরও এক ব্যক্তি জখম হয়েছেন। সব্জি সহ অন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। দাঁতন থানার পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা দিনভর ঘটনাস্থলে ছিলেন। সন্ধ্যা অবধি হাতির দলটিকে একটি জঙ্গলে আটকে রাখা হয়।
Advertisement
সম্প্রতি সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে বেশ কয়েকটি হাতির দল কেশিয়াড়ি ও দাঁতন থানা এলাকায় ঢুকে পড়ে। কয়েকদিন আগে ওই হাতির দলটি কেশিয়াড়ি থানার কুলবনির পাশাপাশি দাঁতন থানার মহেশপুর, বড়া সহ নানা এলাকায় হামলা চালিয়েছিল। সব্জি সহ অন্য ফসলের ক্ষতি করেছিল। শনিবার গভীর রাতে ১৪টি হাতির একটি দল দাঁতন থানার নদী-তীরবর্তী মালপাড়া ও মোয়ারুই গ্রামে ঢুকে পড়ে। রবিবার সকালে গ্রামবাসীরা তা দেখতে পেয়ে ভিড় জমান। এরপর হঠাৎই গ্রামবাসীরা হাতির হামলার মুখে পড়েন। একটি দাঁতাল রাম মুর্মুকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম জয়নারায়ণ প্রধান মোয়ারুই গ্রামের পঞ্চায়েত সদস্য। তাঁকে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে ওড়িশার বালেশ্বর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে দাঁতন থানার পুলিস ও বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতির দলটিকে একটি জঙ্গলে আটকে রাখা হয়। বনদপ্তরের বেলদার রেঞ্জ অফিসার তৌহিদ আনসারি বলেন, নয়াগ্রামের জঙ্গল থেকে নদী পেরিয়ে বেশ কয়েকদিন ধরে একটি হাতির দল কেশিয়াড়ি ও দাঁতনে চলে আসছিল। শনিবার গভীর রাতে ১৪টি হাতির দল মালপাড়া ও মোয়ারুই গ্রামে ঢুকে পড়ে। হাতির হামলায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজন জখম হয়েছেন। মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে পাঁচ লক্ষ টাকা সাহায্য করা হচ্ছে। হাতির দলটিকে সন্ধ্যার পর নদী পার করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। গ্রামবাসীদের বারবার হাতি থেকে দূরে থাকতে বলা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ