Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হস্টেল অন্ধকার করে স্পিকারে দু’ঘণ্টা ভূতুড়ে শব্দ শোনানোয় অসুস্থ দুই ছাত্রী!

হস্টেল অন্ধকার করে স্পিকারে দু’ঘণ্টা ভূতুড়ে শব্দ শোনানোয় অসুস্থ দুই ছাত্রী!
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: ব্লুটুথ স্পিকারে ভূতুড়ে শব্দ শোনানোর পর থেকে ট্রমায় নকশালবাড়ির একটি ইংরেজিমাধ্যম স্কুলের আবাসিক ছাত্রীরা। ইতিমধ্যে একজনের চিকিৎসা চলছে। অপরজন আতঙ্কে হস্টেল থেকে বাড়ি চলে গিয়েছে। এই ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের শারিরীক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব হয়েছেন দুই ছাত্রীর অভিভাবক। মঙ্গলবার তাঁরা নকশালবাড়ির বিডিও এবং নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস এবং প্রশাসন। আবাসিক স্কুলের হস্টেলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়িতে।
Advertisement
পুলিস ও ছাত্রীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর ছুটির পর ওই স্কুলের আবাসিক ভবনেই থেকে গিয়েছিল খড়িবাড়ির দুই আদিবাসী ছাত্রী। একজন নবম শ্রেণির। বয়স ১৭। অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৪ বছর। অভিযোগ, ৩১অক্টোবর রাতে আবাসিক ভবনে বিদ্যুতের মেইন সুইচ অফ করে গোটা হস্টেল অন্ধকার করে দেওয়া হয়। তারপর সিড়িতে স্পিকার লুকিয়ে রেখে দু ঘণ্টা ধরে ভূতুড়ে শব্দ শোনানো হয়। এতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী। তাঁদের অভিযোগ, এই ঘটনার পিছনে অধ্যক্ষ সহ তাঁর মেয়ে ও দুই কর্মী জড়িত। ঘটনার পরদিনই এক ছাত্রীকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দফায় সপ্তাহ খানেকের মত হাসপাতালে কাটাতে হয়েছে ওই ছাত্রীকে। এমনকি, ক্রমে অধ্যক্ষের কুকীর্তি খোলাসা হতেই হতবাক অভিভাবকরা। এটিকে র‌্যাগিং বলেই মনে অভিযোগ করছেন তাঁরা। 
যদিও অভিযোগ মানতে নারাজ স্কুলের অধ্যক্ষ প্রণেশ গাইন। তিনি বলেন, এটি মিথ্যা অভিযোগ। কালীপুজোর রাতে আশেপাশে ডিজেবক্স, পুজো পার্বন চলছিল। তাই নানা রকম শব্দ সৃষ্টি হয়। আমার কাছে অভিযোগ আসার পরই স্কুলের দুই স্টাফকে সাসপেন্ড করেছি। বাকি অভিযোগগুলির তদন্ত চলছে। তিনি জানান, স্কুলে ৩২৪জন পড়ুয়া রয়েছে। তার মধ্যে ৭০ জন স্কুলের হস্টেলে থাকেন। 
এই ব্যাপারে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ বলেন, অভিযোগ পেয়ে নকশালবাড়ি থানা এবং নকশালবাড়ি চক্রের এসআইকে তদন্তের নির্দেশ দিয়েছি। এনিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
সম্পর্কিত সংবাদ