সংবাদদাতা, পতিরাম: মদ্যপ অবস্থায় হাঁসুয়া নিয়ে স্ত্রীকে আক্রমণ স্বামীর। ঘটনায় রক্তাক্ত ও জখম অবস্থায় ওই গৃহবধূকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে। অবশেষে মঙ্গলবার সকালে ছুটি পেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনাটি চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের শোবরা শ্যামপুর এলাকায়। ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী মাঝে-মাঝেই মদ্যপ অবস্থায় এসে নানা কারণে মারধর করে। সোমবার অশান্তির জেরে হাঁসুয়া দিয়ে ওই বধূর ওপর চড়াও হয় স্বামী। মারধর শুরু করলে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতাল নিয়ে যান। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে বালুরঘাট থানার পুলিস ঘটনার তদন্তে নেমেছে।



