Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালের ফার্মেসিতে আগুন, আতঙ্ক

হাসপাতালের ফার্মেসিতে আগুন, আতঙ্ক
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার তেহট্ট মহকুমা হাসপাতালে ফার্মেসি বিভাগের দেওয়ালে থাকা ফ্যানে আগুন ধরে যাওয়ায় রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। ফার্মেসি সংলগ্ন গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরাই। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ ওষুধ নিতে ফার্মেসির সামনে অনেকে দাঁড়িয়েছিল। এরই মধ্যে ফার্মেসির দেওয়ালে থাকা একটি ফ্যানে আগুন ধরে যায়। ওষুধ নিতে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা তা দেখে  আগুন, আগুন বলে চিৎকার করতে থাকেন। ওই বিভাগ সংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে যায়। ফার্মাসিস্ট দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। পাশাপাশি হাসপাতালের কর্মী ও নার্সরা রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে দেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে।  যদিও অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা।
হাসপাতালের ফার্মাসিস্ট সত্যজিৎ সাহা বলেন, ফার্মেসির দরজা খুলে ঘরে ঢুকে দেখি, দেওয়ালে লাগানো ফ্যানে আগুন জ্বলছে। সময় নষ্ট না করে হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করি। খবর পেয়ে হাসপাতালে অন্য কর্মীরা দ্রুত চলে আসেন। সকলের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।  আপাতত পাশে অন্য একটি জায়গা থেকে রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে।  এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 
সম্পর্কিত সংবাদ