Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে অস্থায়ী চাকরির লোভ দেখিয়ে আর্থিক প্রতারণা

হাসপাতালে অস্থায়ী চাকরির লোভ দেখিয়ে আর্থিক প্রতারণা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্থায়ী চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করা হল এক ব্যক্তিকে। ওই ব্যক্তির চাকরির বয়স পেরিয়ে গিয়েছিল। কিন্তু অস্থায়ী চাকরির লোভ ছাড়তে পারেননি। ছ’ বছর আগে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত না পেয়ে অবশেষে পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হলেন তিনি। জানা গিয়েছে, পুরুলিয়া শহরের এক নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরণি এলাকার বাসিন্দা উত্তম নন্দী স্থানীয় এক বাসিন্দার পরামর্শে মেডিক্যাল কলেজে অস্থায়ী চাকরির জন্য বোঙ্গাবাড়ির এক বাসিন্দাকে ৩০ হাজার টাকা দেন। পুরুলিয়া মফস্সল থানা এলাকার বোঙ্গাবাড়ির ওই বাসিন্দাকে উত্তমবাবু ছাড়াও আরও কয়েকজন চাকরির জন্য টাকা দেন বলে অভিযোগ। কিন্তু উত্তমবাবুর চাকরি হয়নি। বার বার তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চাকরি না হওয়ায় অবশেষে তার দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করেন উত্তমবাবু। কিন্তু টাকা দিতে অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তি। এমনকী যাঁর কথামতো বোঙ্গাবাড়ির ব্যক্তিকে টাকা দিয়েছিলেন তাঁর কাছে গিয়েও লাভ হয়নি। অবশেষে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন উত্তমবাবু। অভিযোগে টাকা ফেরতের দাবি জানানোর পাশাপাশি অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান উত্তমবাবু। পুরুলিয়া সদর থানা পুলিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিস। চাকরির নামে নেওয়া টাকা দ্রুত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তি মেডিক্যাল কলেজে চাকরির নামে কত জনের সঙ্গে প্রতারণা করেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, পুরুলিয়াতে মেডিক্যাল কলেজে চাকরির নামে বিভিন্ন সময়ে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পুরনো ওই চক্রের সঙ্গে অভিযুক্তের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ