Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে নিয়োগ-দুর্নীতির অভিযোগে ডেপুটেশন

হাসপাতালে নিয়োগ-দুর্নীতির অভিযোগে ডেপুটেশন
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: বেলদা সুপারস্পেশালিটি হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ও নানা দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়েছে। শুক্রবার বেলদা ১ ও ২ নাগরিক মঞ্চের ব্যানারে এই কর্মসূচি হয়।
Advertisement
নাগরিক মঞ্চের অভিযোগ, এই হাসপাতালে সম্প্রতি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে। এছাড়া, হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি ও ওষুধ সরবরাহের বিষয়ে কোনও ডিসপ্লের ব্যবস্থা না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। হাসপাতালে নার্স থাকা সত্ত্বেও বিভিন্ন নন-টেকনিক্যাল স্টাফকে দিয়ে চিকিৎসা-সংক্রান্ত কাজ করা হচ্ছে। এদিন এরকম নানা দাবিতে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা নারায়ণগড়ের ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়।
এই কর্মসূচিতে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অনাদি বারিক, বেলদা-২ পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী সহ অন্যরা অংশ নেন। রবীন্দ্রনাথবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলদায় এই সুপারস্পেশালিটি হাসপাতাল চালু করলেও কর্তৃপক্ষের উদাসীনতায় মানুষ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মী নিয়োগেও স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে। আমরা এসবের প্রতিবাদ জানিয়েছি।
ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন, যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠক করা হবে।
সম্পর্কিত সংবাদ